অভিষেক-সায়নী নাম মিলতেই ভাইরাল ‘Abhi-Sani’ ফ্ল্যাট, মুখ খুললেন আসল মালিক

Published:

Abhishek Banerjee Saayoni Ghosh

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজনৈতিক টানাপোড়েনের মাঝে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) একাধিক সম্পত্তি নিয়ে শুরু হয়েছে জল্পনা। উঠে আসছে বেআইনি নির্মাণের অভিযোগ। যার ফলে চরম অস্বস্তিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিকে বিতর্কের মাঝে সোশ্যাল মিডিয়ায় ‘ভাইরাল’ হয়েছে অভিষেক-সায়নীর সম্পত্তি (Abhishek Banerjee Saayoni Ghosh)। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি ফ্ল্যাটের যৌথ মালিক হিসেবে নাকি নাম রয়েছে সায়নী ঘোষের (Saayoni Ghosh)। আর সেই নিয়ে চর্চা শুরু হতেই বেরিয়ে এল আসল সত্য।

অভিষেকের সঙ্গে যৌথ মালিকানায় ফ্ল্যাট সায়নীর!

কলকাতা পুরসভার তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি তালিকা তৈরি করা হয়েছে। ৪৩টি প্রপার্টি রয়েছে সেই তালিকায়। এই নিয়ে খোঁজখবর করতেই প্রকাশ্যে এল একটি ঠিকানা, যেখানে দেখা যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি ফ্ল্যাটের যৌথ মালিক সায়নী ঘোষ। ঠিকানা দমদমের ১৯ ডি, ৭ ট্যাঙ্ক লেন, কলকাতা-৭০০০৩০। দরজায় নেমপ্লেটে লেখা, ‘অভি-সানি’। জানা গিয়েছে, সেই বাড়ির যৌথ মালিকের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সায়নী ঘোষ। আর সেই নাম থেকেই শুরু হয়েছে বিতর্কের সূত্রপাত। কারণ এই দুটি নামই মিলে যাচ্ছে তৃণমূলের দুই সাংসদের নামের সঙ্গে। ইতিমধ্যেই ভাইরাল সেই বাড়ির ছবি ও ভিডিও। তবে নামের মিল থাকলেও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ‌্যায় ও সায়নী ঘোষের সঙ্গে সরাসরি কোনও মিল বা সম্পর্ক নেই তা স্পষ্ট করেন বাড়ির আসল মালিক।

আসল সত্যটা কী?

বাড়ির আসল মালিক অভিষেক বন্দ্যোপাধ‌্যায়, তাঁর স্ত্রী সায়নী ঘোষকে নিয়ে জানান, তাঁরা অতি সাধারণ পরিবারের সদস‌্য। তাঁরা নিজেদের আধার কার্ড থেকে শুরু করে অন‌্যান‌্য পরিচয়পত্র, সম্পত্তি ও অন‌্যান‌্য নথিপত্র পুর আধিকারিকদের কাছে জমা দিয়েছেন। তাঁরা গত তিন বছর ধরে এই বাড়িতে রয়েছেন। তিনি ও তাঁর স্ত্রী কোনও রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত নন। অভিষেক ও তাঁর স্ত্রী দু’জনেই চাকুরিরত। জানা গিয়েছে এই অভিষেকবাবু এক বেসরকারি সংস্থায় কর্মরত। এবং তাঁর স্ত্রী সায়নী ঘোষ পেশায় স্কুল শিক্ষিকা। দুই সন্তান ও মা-কে নিয়ে ফ্ল্যাটে থাকেন অভিষেক।

কী বলছেন বাড়ির মালিক অভিষেক?

স্ত্রী সায়নীর পদবি ঘোষ কেন? এই প্রশ্নের উত্তরে বাড়ির মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ঘোষ আমার স্ত্রীর বিয়ের আগের পদবি। যেহেতু আমার স্ত্রী চাকরি করেন, তাই তিনি বিয়ের পর পদবী পরিবর্তন করার প্রয়োজন বোধ করেননি। স্ত্রীর নাম সায়নী ঘোষই রয়ে গিয়েছে।’’ তাঁর দাবি, “আমরা এখনও স্ট্রাগল করছি। স্ট্রাগলের মধ্যে দিয়েই বেঁচে রয়েছি আমরা। ফ্ল‌্যাটের EMI চলছে। এই বিভ্রান্তিমূলক বিষয় নিয়ে পুরসভায় অভিযোগ জমা দিয়ে এসেছি। তাই এটি নিয়ে যেন কেউ বাড়াবাড়ি না করেন। তাঁদের পরিবার যেন শান্তিতে থাকতে পারে।” এদিকে পরিস্থিতি যখন আরও বড় আকার নেয়, সেই সময় বাধ্য হয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ সায়নী ঘোষ।

আরও পড়ুন: ভোটের দিন উধাও জাহাঙ্গির খান! বাড়িতে তালা পুষ্পার, ফলতায় নির্বিঘ্নে চলছে নির্বাচন

ক্ষুব্ধ সায়নী

সোশ্যাল মিডিয়ায় তৃণমূল সাংসদ সায়নী ঘোষ লিখেছেন, “আমি জানি না, এরা কারা। তবে এটুকু বলতে পারি, এটা সেই সায়নী ঘোষ নয়, যে খুব সাধারণ ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করেছে আর রাজনীতি থেকে কোনও লাভ খোঁজেনি। আমার সম্পত্তি হলফনামায় দেখে নিন। প্রমাণ ছাড়া আমাকে অপমান করবেন না।” সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির তালিকা পেয়েছেন তিনি। তারপর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অবৈধ নির্মাণের অভিযোগে পরপর দুবার নোটিস গিয়েছে পুরনিগমের তরফ থেকে। আর তার মধ্যেই শুরু হয়েছে নাম বিতর্কের চর্চা।

google button