ভোটের দিন উধাও জাহাঙ্গির খান! বাড়িতে তালা পুষ্পার, ফলতায় নির্বিঘ্নে চলছে নির্বাচন

Published:

Falta Assembly Re Election 2026

প্রীতি পোদ্দার, কলকাতা: আজ, ২১ মে, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে শুরু হয়ে গিয়েছে ফলতা বিধানসভা আসনের পুনর্নির্বাচন (Falta Assembly Re Election 2026)। নির্বিঘ্নেই চলছে ভোটগ্রহণ, নির্বাচন কমিশনের (Election Commission Of India) বেঁধে দেওয়া সূচি অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটাররা তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন। ১৫ বছর পর ভোট কাটিয়ে ভোট দিতে পারে তাঁরাও বেশ উৎসাহী। এদিকে ভোটের দিন সকাল থেকেই বেপাত্তা ওই কেন্দ্রের তৃণমূলের প্রার্থী জাহাঙ্গির খান (Jahangir Khan), বাড়িতে ঝুলছে তালা

কী বলেছিলেন জাহাঙ্গির খান?

গত মঙ্গলবার, তৃণমূল নেতা জাহাঙ্গির খান সাংবাদিক বৈঠকে নিজের প্রার্থীপদ প্রত্যাহার করে জানিয়েছিলেন, “আমি ফলতার ভূমিপুত্র। আমি চাইব, ফলতা শান্তিতে থাকুক, ভাল থাকুক। ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতার উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছেন। সেই জন্য আমি আগামী ২১ মে যে রিপোল আছে, সেই ভোট থেকে আমি নিজেকে সরিয়ে নিলাম। ২৯ তারিখ নির্বাচনে EVM-এ টেপ লাগানো বা কালি লাগানো, এই সব আমি করিনি। অনেকেই অনেক কথা বলছে। আমি এই সব কিছু করিনি। আমি সে দিন অফিস থেকেই ভোট চালনা করেছি। আমি ফলতার মানুষের সঙ্গে কখনও খারাপ ব্যবহার করিনি।”

বাম এবং বিজেপির ভোট লড়াই ফলতায়

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল রাজ্যের শেষ এবং দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচন ছিল। সেই সময় ফলতা বিধানসভা কেন্দ্রের বেশ কিছু বুথে অনিয়মের অভিযোগ উঠেছিল। EVM-এ আতর, কালি, টেপ লাগানোর মতো অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবি তুলেছিলেন তৎকালীন বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শেষে কমিশনও পুনর্নির্বাচনেরই সিদ্ধান্ত নেয়। বর্তমানে এই নির্বাচনে তৃণমূল না থাকায়, ফলতায় মূল লড়াই এখন বাম এবং বিজেপির মধ্যে। প্রার্থী হিসেবে ফলতা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা, CPM প্রার্থী শম্ভুনাথ কুড়মি নির্বাচনে লড়ছেন। পাশাপাশি কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুর রজ্জাক।

আরও পড়ুন: বিদ্যুৎ খরচ ৭৫% কম, মাত্র ৮০০০ টাকায় মিনি এসি বানিয়ে ফেলল বাঁকুড়ার পড়ুয়ারা

প্রসঙ্গত, ফলতার মোট ২৮৫টি বুথেই আজ নতুন করে ভোটগ্রহণ হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থা কঠোরতর করতে মোতায়েন করা হয়েছে মোট ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও ভোট প্রক্রিয়ায় যাতে স্বচ্ছতার অভাব না থাকে, তার জন্য সবকটি বুথেই চলছে লাইভ ওয়েব কাস্টিং। এবং প্রতি মুহূর্তের গতিবিধির ওপর সরাসরি নজর রাখছে দিল্লির নির্বাচন সদন এবং কলকাতার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। স্বভাবতই, আগের দফার ভোট নিয়ে যে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল, তা মাথায় রেখে প্রশাসন কোনওরকম খামতি রাখতে নারাজ। জানা গিয়েছে, এই পুনর্নির্বাচনের ভোটগণনা হবে আগামী ২৪ মে।