প্রীতি পোদ্দার, কলকাতা: হাতেগোনা আর কয়েক দিন তারপরেই রাজ্য জুড়ে দুই দফায় হতে চলেছে ২৬ এর বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026)। জোর কদমে চলছে প্রার্থীদের ভোট প্রচারের লড়াই। জানা গিয়েছে মেদিনীপুরেও (Paschim Medinipur) এবার টানটান লড়াই চলবে তৃণমূল বিজেপির। কিন্তু তার মাঝে তৃণমূল প্রার্থী সুজয় হাজরার বিরুদ্ধে উঠে এল এক চাঞ্চল্যকর অভিযোগ। ভুল তথ্য দিয়ে নাকি হলফনামা জমা দিয়েছেন তিনি। রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
হলফনামা নিয়ে বিস্ফোরক অভিযোগ
রিপোর্ট অনুযায়ী, আসন্ন ২৬ এর বিধানসভা নির্বাচনে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে দাঁড় করানো হয়েছে সুজয় হাজরাকে। সেই অনুযায়ী জোর কদমে সেখানে চলছে প্রচার। গত ২ এপ্রিল তিনি মনোনয়ন পত্রও জমা দিয়েছিলেন। এবং এর সঙ্গে স্থাবর অস্থাবর সম্পত্তি নিয়ে তিনি একটি হলফনামাও জমা দিয়েছিলেন। কিন্তু এবার সেই হলফনামা নিয়ে উঠল এক বিস্ফোরক অভিযোগ। জানা গিয়েছে তথ্য গোপন করা হয়েছে ওই হলফনামায়। আর এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপি প্রার্থী শঙ্কর গুছাইত।
আয়ের হিসাবের গরমিল হলফনামায়
বিজেপি প্রার্থী শঙ্কর গুছাইতের অভিযোগ, সুজয় হাজরা নিজে একটি পার্টনারশিপ ফার্মে লাভজনক ব্যবসার সঙ্গে কাজ করছেন। কিন্তু হলফনামায় তিনি দাবি করেছেন, তাঁর পার্টনারশিপ কোন ব্যবসা নেই। শুধু তাই নয়, আয়ের হিসাবের ক্ষেত্রেও মিথ্যা তথ্য দেওয়া হয়েছে কমিশনকে। এদিকে নিয়ম বলছে অন্য কথা। মনোনয়নের সময় হলফনামায় প্রার্থী যদি ভুল তথ্য দেন বা তথ্য গোপন করেন, তাহলে তাঁর প্রার্থী পদ বাতিল করতে পারে নির্বাচন কমিশন। তাই এবার তৃণমূল প্রার্থীর প্রার্থী পদ বাতিলের দাবি করলেন বিজেপির প্রার্থী শঙ্কর। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের DEO-র কাছে লিখিত অভিযোগও দায়ের করেছেন তিনি।
আরও পড়ুন: টার্গেট অভিষেক, রুজিরা? হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট নিয়ে কমিশনে অভিযোগ তৃণমূলের
ভুল হলফনামার এই অভিযোগ নিয়ে শাসকদলের অন্দরে নানা শোরগোল শুরু হয়েছে। অভিযোগ উঠতেই তৃণমূল প্রার্থী সুজয় হাজরার সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি সংবাদমাধ্যমে বলেন, “আমার পেশা যে ব্যবসা তা তো লেখা রয়েছে। আয়কর রিটার্ন ফাইলের সব তথ্য দেওয়া রয়েছে। সেখানে তথ্য গোপনের কোনও জায়গা নেই। বিজেপি আসলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যদিও এতে কিছুই হবে না। নির্বাচন কমিশন যদি আমাকে এই নিয়ে চিঠি দেয়, তাহলে আমার আইনজীবী অভিযোগের জবাব দিয়ে দেবেন।”










