সৌভিক মুখার্জী, কলকাতা: আরও বিপাকে পড়লেন মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গতকাল রেজিনগর উপনির্বাচনের ভোট গণনা নিয়ে ভুল তথ্য প্রচারের অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। সংবাদমাধ্যমের একটি ভুল প্রতিবেদন নিজের ফেসবুক এবং এক্স হ্যান্ডেলে তুলে ধরে তিনি দাবি করেন, মোট ভোটারের চেয়ে বেশি পড়েছে বিজেপির ভোট। এমনকি সেই মিডিয়া পরে নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা চাইলেও পোস্ট ডিলিট করেননি তৃণমূল সাংসদ। সাধারণ মানুষের মধ্যে এই গুজব রটানোর অভিযোগে এবার দায়ের হল এফআইআর।
অভিষেকের বিরুদ্ধে ফের এফআইআর
রেজিনগর এবং নন্দীগ্রাম উপনির্বাচনের ভোট গণনা ছিল শুক্রবার। প্রত্যাশামতো দুই আসনেই বিপুল ব্যবধানে জয়লাভ করেছেন বিজেপির প্রার্থীরা। নন্দীগ্রামে হাসিরানি রথ ১ লক্ষের বেশি ভোটে জয়লাভ করেছেন। অন্যদিকে রেজিনগরে শাখারভ সরকার প্রায় ৭৫ হাজার ভোটে জিতেছেন। কিন্তু রেজিনগরের ১০৯ নম্বর বুথে মোট ভোটারের চেয়েও বেশি ভোট পেয়েছিল বিজেপি, এমনটাই দাবি করা হয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে। যদিও সেটি ভুলবশত প্রিন্ট হয়েছিল বলে পরে নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা চায় ওই মিডিয়া হাউস।
এদিকে ওই প্রতিবেদনের স্ক্রিনশট শেয়ার করে নিজের ফেসবুক এবং এক্স হ্যান্ডেলে তৃণমূল সাংসদ লেখেন, “রেজিনগর বিধানসভা কেন্দ্রের ১০৯ নম্বর বুথে নথিভুক্ত ভোটার ৭৭২ জন। অথচ বিজেপি একাই পেয়েছে ৯০৯ ভোট। এই অঙ্ক দেখে উত্তর কোরিয়ারও মাথা ঘুরে যাবে। জ্ঞানেশ কুমার মহাশয়, ভোটার ৭৭২। বিজেপির ভোট ৯০৯। বাকি ১৩৭ জন কি আকাশ থেকে নেমে ভোট দিয়ে গেলেন? নির্বাচন কমিশন কি এবার অঙ্কের নতুন পাঠ্যবই প্রকাশ করবে নাকি আসল হিসাবটা দেশবাসীকে জানাবে? গণতন্ত্রে ম্যাজিক নয়, জবাবদিহি চাই।”
আরও পড়ুন: বিক্ষোভে যোগ দেওয়ার আগেই বিমান থেকে গ্রেফতার অভিজিৎ দীপকে, সৌরভ দাসরা
এদিকে পরে ওই মিডিয়া হাউসের তরফ থেকে জানানো হয়, সেটি ছিল ভুলবশত প্রিন্ট। ওই বুথে মোট ভোটারের সংখ্যা ১১০৯ এবং উপনির্বাচনের দিন ভোট পড়েছিল ৯৭২টি। যার মধ্যে বিজেপির প্রার্থী পেয়েছিলেন ৯০৯টি ভোট। এর আগে এই খবর সম্প্রচারের সময় ভুল করে ৯৭২ এর জায়গায় ৭৭২ ভোট পড়েছিল বলা হয়। এমনকি নির্বাচন কমিশনের তরফ থেকেও পরে এ বিষয়ে বিবৃতি দেওয়া হয়। তবে মিডিয়া ক্ষমা চাইলেও অভিষেক সেই পোস্ট নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে রেখে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অভিযোগে রেজিনগর বিধানসভার রিটার্নিং অফিসার তাঁর বিরুদ্ধে দায়ের করেছেন এই এফআইআর।










