প্রীতি পোদ্দার, কলকাতা: দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে ১৫ বছরের তৃণমূল সরকার (Trinamool Congress) ভেঙে প্রথমবার বিজেপি সরকার গড়ে উঠল বাংলার মাটিতে। আজ শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। আর এই আবহে সোশ্যাল মিডিয়া (Social Media) অ্যাকাউন্টগুলির বায়ো পরিবর্তন করলেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু লিখলেন না ‘প্রাক্তন’।
পরাজিত হয়েও পদত্যাগ পত্র দিলেন না মমতা
গত ৪ মে, সোমবার প্রকাশিত হয়েছিল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল। আর সেখানেই ২৯৪ আসনের মধ্যে ২০৭টি আসন জিতে নিয়েছিল বিজেপি। আর মাত্র ৮০ টি আসন জিতে নিয়েছিল শাসকদল তৃণমূল। কিন্তু সেই রায় মেনে নেননি তিনি, তাই রাজ্যপালের কাছে ইস্তফাপত্রও জমা দেননি। তাঁর অভিযোগ, ১০০টিরও বেশি কেন্দ্রে ভোট লুট করে নেওয়া হয়েছে। আগামী দিনে আইনের পথে হাঁটবেন বলেও জানিয়ে রেখেছেন মমতা। ভোটে হেরে যাওয়ার পরেও মুখ্যমন্ত্রী ইস্তফা না-দেওয়ায় অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। আর এই টালমাটাল অবস্থায় অবশেষে সোশ্যাল মিডিয়ায় বায়ো পরিবর্তন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সোশ্যাল মিডিয়ায় বায়ো পরিবর্তন মমতার
সমাজমাধ্যমের অ্যাকাউন্টগুলিতে এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির নীচে দু’টি পরিচয় উল্লেখ করা ছিল। একটি ছিল, তিনি তৃণমূলের প্রতিষ্ঠাতা এবং চেয়ারপার্সন। দুই, তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এদিকে গত বৃহস্পতিবারের পর তাঁর মেয়াদ শেষ হলেও সমাজমাধ্যমের কোনো অ্যাকাউন্টে মমতা মুখ্যমন্ত্রীর পরিচয়ের ক্ষেত্রে কোনও পরিবর্তন করেননি। তাঁর ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ বা এক্স হ্যান্ডল খুললেই একই পরিচয় দেখা যাচ্ছিল। অবশেষে সেই পরিচয়ে এবার খানিক বদল দেখা গেল। লেখা রয়েছে, তিনি তৃণমূলের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন এবং পঞ্চদশ, ষোড়শ এবং সপ্তদশ বিধানসভার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। কিন্তু কোথাও একবারের জন্য উল্লেখ করলেন না প্রাক্তন। যা নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে সমাজমাধ্যমে।

আরও পড়ুন: শুভেন্দুর শপথে জনজোয়ার ব্রিগেডে, গভীর নিস্তব্ধতা মমতার কালীঘাটে
প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ায় বায়ো পরিবর্তনের মধ্যেই প্রকাশ্যে উঠে এসেছিল কলকাতা পুলিশের সরকারি এক্স অ্যাকাউন্ট নিয়ে চর্চা। দেখা গিয়েছে কলকাতা পুলিশ সরাসরি আনফলো করে দিয়েছে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। উল্টে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তাঁদের দফতরের অ্যাকাউন্ট ফলো করা শুরু করেছেন তাঁরা। শুধু তাই নয়, বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনে বাড়তি নিরাপত্তাও তুলে নেওয়া হয়েছে।










