‘তৃণমূলের আমলে মেয়েরা রাত ২টোয় ঘুরে বেড়াত, এখন ভয় পাচ্ছে!’ বিস্ফোরক মমতা

Published:

Mamata Banerjee

সৌভিক মুখার্জী, কলকাতা: এবারের নির্বাচনে একেবারে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের। মাত্র ৮০টি আসন পেয়েছে ১৫ বছর শাসন করা মমতা ব্যানার্জির ঘাসফুল শিবির। সরকার গঠন করেছে বিজেপি। তবে ক্ষমতায় আসতেই একের পর এক প্রশাসনিক পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বর্ডারে বিএসএফদের জমি দেওয়া থেকে শুরু করে অবৈধ নির্মাণের বুলডোজার চালানো বা সরকারি বিভিন্নরকম প্রকল্প, একাধিক খাতে নেওয়া হয়েছে বড়সড় সিদ্ধান্ত। এ নিয়ে এবার ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

ফেসবুক লাইভে বিজেপিকে চরম কটাক্ষ মমতার

আজ বিকাল সাড়ে চারটায় ফেসবুক লাইভে করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বর্তমান শাসক দল বিজেপিকে তুমুল সমালোচনা করেছেন। তিনি বলেছেন, “আমরা সবকিছু গড়েছিলাম। আমরা সবাইকে এক হতে শিখিয়েছিলাম। কিন্তু বিজেপি আসতেই সবকিছু লন্ডভন্ড করে দিচ্ছে ওরা। একের পর এক বসতি থেকে শুরু করে দোকানপাট ভেঙে তছনছ করে দিচ্ছে। একজন সাধারণ মানুষ জানে, একটা বাড়ি তৈরি করতে কতটা কষ্ট হয়। কিন্তু সরকার এখন নিমেষের মধ্যে সেইসব বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিচ্ছে।”

এমনকি যুবভারতীর মূর্তি ভাঙা নিয়েও সুর চড়িয়েছেন তিনি। তাঁর বক্তব্য, “২০১৭ সালে ফিফা যুব বিশ্বকাপ উপলক্ষে যুবভারতীর এই মূর্তিটি তৈরি করা হয়েছিল। এমনকি সকলে তার প্রশংসাও করেছিল। তবে বিজেপি সরকার আসতেই তা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। এরা সব কিছুই ভাঙতে পারে। গড়তে পারে না। তাঁর আরও সংযোজন, আমরা ক্ষমতায় আসার পর লেনিনের মূর্তি ভাঙিনি। শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি ভাঙিনি। আমরা জানি সকলেই বিরোধী। কিন্তু আমরা শান্ত থেকেছি। ভাঙার রাজনীতি আমরা করিনি। তবে বিজেপি সম্পূর্ণ অন্য রাস্তায় হাঁটছে।”

এদিকে এদিন মমতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও কটাক্ষ করতে ছাড়েননি। তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী মোদী দেশবাসীকে ঘরে থাকতে বলছেন। জ্বালানি ব্যবহার কমাতে বলছেন। এদিকে দেখো, তিনদিন পরপর পেট্রোল-ডিজেলের দাম বাড়িয়েছে। ওরা এটাই করে। মানুষ কি বাইক চালাবে না? স্কুটার চালাবে না? মানুষ ঘর থেকে বেরোবে না? আবার দেখো, প্রধানমন্ত্রী নিজে কোটি কোটি টাকা খরচ করে বিদেশ সফরে করে বেড়াচ্ছেন। মোদীবাবু ইটালির প্রধানমন্ত্রীকে চকলেট খাওয়াচ্ছেন। এটা দেশের বাচ্চাদেরকে খাওয়াক না! কিন্তু উনি তো তা করেন না!”

আরও পড়ুন: ভেরিফিকেশনে এই ভুলগুলি ধরা পড়লেই মিলবে না অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা

মেয়েরা রাস্তায় নিরাপদ নয়

এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মেয়েদের নিরাপত্তা নিয়েও কথা বলেছেন। তিনি বলেছেন যে, তৃণমূল সরকারের আওতায় মেয়েরা রাত দুটোর সময়েও কলকাতায় রাস্তায় ঘুরে বেড়াত। যেখানে খুশি সেখানে যেতে পারত। কিন্তু এখন বিজেপি সরকারে তারা ভয় পাচ্ছে। এখন রাত দশটার পর মেয়েরা বেরোচ্ছে না। তিনি বলেছেন, আমরা তোষনের রাজনীতি করি না। আমরা শান্তি চাই। কিন্তু বিজেপি সব জায়গাতেই একইরকম কাজ করছে। বাংলার মানুষ মেনে নেবে না। চিরকাল কেউ ক্ষমতায় থাকবে না। আমরা আবার ফিরে আসবো।”