প্রীতি পোদ্দার, কলকাতা: শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে খুনের ঘটনায় (Chandranath Rath Murder Case) তুমুল উত্তেজনা রাজনৈতিক মহলে। কোথা থেকে এসেছিল আততায়ীরা, কীভাবে প্রকাশ্যে হানা, এসবের উত্তরের খোঁজ শুরু করেছে পুলিশ। তদন্তের অগ্রগতি নিয়ে বেশ সন্তুষ্ট শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অন্যদিকে বৃহস্পতিবার আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে শেষ শ্রদ্ধা জানাতে বারাসত হাসপাতালে আসেন শুভেন্দু অধিকারী। তাঁকে দেখে রীতিমত আক্ষেপ প্রকাশ করেন তিনি।
খুনের ঘটনায় উত্তাল রাজনীতি
রিপোর্ট মোতাবেক গতকাল, বুধবার রাতে রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দীর্ঘদিনের ছায়াসঙ্গী তথা আপ্ত সহায়ক PA চন্দ্রনাথ রথকে নৃশংস ভাবে খুন করা হয়েছে। একটি বাইক থেকে গুলি করা হয়েছে। সেই গাড়ির ছবিও সামনে এসেছে, যার কাচে তিনটি বুলেটের চিহ্ন স্পষ্ট। আরও জানা যাচ্ছে যে বাইকের কোনও নম্বর প্লেট ছিল না। এদিকে এই ঘটনায় উত্তাল বঙ্গ রাজনীতি। খবর পেয়ে গতকাল রাতেই হাসপাতালে ছুটেছিলেন শুভেন্দু অধিকারী। আজও বারাসত মেডিক্যালে যান তিনি। আর সেখানেই দীর্ঘ বছরের ছায়া সঙ্গীর এ হেন পরিণতিতে আক্ষেপ প্রকাশ করেন।
কী বলছেন শুভেন্দু অধিকারী?
আজ, বারাসত মেডিক্যালে চন্দ্রনাথ রথের ময়নাতদন্ত করা হয়েছিল। এরপরেই কলকাতা থেকে চন্দ্রনাথের দেহ রওনা দেয় পূর্ব মেদিনীপুরে তাঁর বাড়ি চন্ডীপুরে। সেই সময় ছায়াসঙ্গী চন্দ্রনাথকে দেখে আক্ষেপের সুরে শুভেন্দু অধিকারী বলেন, “ঠান্ডা মাথায় সুপারি কিলার দিয়ে খুন করা হয়েছে। আমার আপ্তসহায়ক না হলে হয়তো এই ক্ষতি হত না। চন্দ্রনাথের একটাই দোষ ও আমার পিএ ছিলেন। আমার ব্যক্তিগত ক্ষতি। আমি ভবানীপুরে না জিতলে হয়তো টার্গেট করা হত না।” বিগত ৮ বছরের সম্পর্ক ছিল চন্দ্রনাথের। তাঁর পরিবারের প্রতি শুভেন্দুর আশ্বাস, খুনের ঘটনার চার্জশিট পেশ হবে এবং দোষীদের প্রত্যেককে উচিত শাস্তি দেওয়া হবে।
আরও পড়ুন: বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে খুন! মালদায় উদ্ধার রক্তাক্ত বিজেপি কর্মীর দেহ
প্রসঙ্গত, এইমুহুর্তে ভোট পরবর্তী হিংসার ভয়ংকর প্রভাব ছড়িয়ে পড়েছে জেলায় জেলায়। এদিকে আগামী ৯ মে ব্রিগেডে রাজ্যের নয়া মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হতে চলেছে। এমতাবস্থায় ভোটের ফলপ্রকাশের ঠিক দু’দিনের মাথায় বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ককে খুন মেনে নিতে পারছে না বিজেপি কর্মীরা। ক্রমেই রাজ্যে নতুন সরকার গঠনের আনন্দ রূপ নিয়েছে বিষন্নতায়।










