আনিষা চৌধুরী, কলকাতা: ত্বকের যত্ন নিতে এবং মুখ পরিষ্কার রাখার জন্য অনেকেই দিনে একাধিকবার সাবান ব্যবহার করেন। কিন্তু দোকান থেকে কিনে আনা কিছু সাবানে এমন কয়েকটি ক্ষার জাতীয় উপাদান থাকে, যা ত্বকের স্বাভাবিক আর্দ্রতা কমিয়ে দিতে পারে। ফলে মুখ শুষ্ক ও রুক্ষ দেখাতে পারে। তবে আপনি চাইলে বাড়িতেই তৈরি করে নিতে পারেন অ্যালোভেরা দিয়ে তৈরি হ্যান্ডমেড সাবান (Aloe Vera Soap)। এই সাবানে এমন কোনও দূষিত বস্তু নেই যা আপনার ত্বকের ক্ষতি করতে পারে। অ্যালোভেরার জেল, ভিটামিন ই এবং তেলের মতো উপাদান দিয়ে ঘরোয়া পদ্ধতিতে এই সাবান তৈরি করা যায়।
সাবান তৈরিতে কী কী লাগবে?
এই সাবান বানাতে প্রথমেই প্রয়োজন হবে আধ কাপ তাজা অ্যালোভেরা জেল। বাড়িতে অ্যালোভেরা গাছ থাকলে সেখান থেকেই এই জেল সংগ্রহ করা যেতে পারে। এরপর লাগবে ২০০ গ্রাম গ্লিসারিন অথবা গোট মিল্ক সোপ বেস, দু’টি ভিটামিন ই ক্যাপসুল, এক টেবিল চামচ গোলাপ জল এবং এক চা চামচ বাদাম তেল বা নারকেল তেল। সাবানটি আকার দেওয়ার জন্য একটি সিলিকন মোল্ড রাখলেই হবে। এখানেই শেষ উপকরণ এর তালিকা। এবার শুধু সাবানটি বানানোর পালা।
কীভাবে তৈরি করবেন?
বাড়িতে গাছ থাকলে, প্রথমে অ্যালোভেরা পাতা থেকে জেল বের করে মিক্সিতে ভালো করে মসৃণ করে নিতে হবে। এরপর সোপ বেসটিকে ছোট ছোট টুকরো করে নিয়ে ডবল বয়লার পদ্ধতিতে ধীরে ধীরে গলিয়ে নিন। গলে পুরোপুরি তরল হয়ে গেলে তার মধ্যে তৈরি করে রাখা অ্যালোভেরা জেল, ভিটামিন ই ক্যাপসুলের তেল, গোলাপ জল এবং বাদাম তেল অথবা নারকেল তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি একসঙ্গে মিশে গেলে সিলিকন মোল্ডে ঢেলে দিন। সিলিকন মোল্ড না থাকলে হালকা তেল মাখানো ছোট প্লাস্টিকের পাত্রও ব্যবহার করা যেতে পারে।
আরও পড়ুন: গরম ভাতের সঙ্গে এইভাবে বানিয়ে ফেলুন শোল মাছের ধোঁকা, স্বাদ হবে খাসা
মিশ্রণটি মোল্ডে ঢালার পর ঘরের স্বাভাবিক তাপমাত্রায় প্রায় ২ থেকে ৩ ঘণ্টা রেখে দিন। যদি মিশ্রণটিকে তাড়াতাড়ি সেট করতে চান, তাহলে ৩০ মিনিট মতো ফ্রিজেও রাখা যায়। এরপর মিশ্রণটি ভালোভাবে শক্ত হয়ে গেলে মোল্ড থেকে বের করে নিলেই তৈরি হয়ে যাবে ঘরেই বানানো অ্যালোভেরা সাবান। অ্যালোভেরার সাবানটির প্রধান উপাদান। এটি ত্বক পরিষ্কার করার পাশাপাশি ত্বককে নরম ও সতেজ রাখতেও সাহায্য করে।









