বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্বকাপের (FIFA World Cup) প্রথম ম্যাচে চূড়ান্ত ব্যর্থ। অনেকে বলেই দিয়েছিলেন, পর্তুগাল দলের একাদশে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) ভূমিকা মূর্তির মতোই। সে সবকিছু সহ্য করেও কামব্যাক করে দেখিয়েছিলেন রোনাল্ডো। উজবেকিস্তানের ম্যাচে গোল করে নিজের ক্ষমতা প্রদর্শন করেছিলেন পর্তুগিজ মহাতারকা। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচেও গোল পেলেন তিনি। এবার 41 বছর বয়সে গোল করায় ফিফা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে বয়স্কতম প্লেয়ার হিসেবে নতুন নজির গড়লেন রোনাল্ডো। যা করে দেখাতে পারেননি লিওনেল মেসিও!
এক ম্যাচে জোড়া ইতিহাস রোনাল্ডোর
বিশ্বকাপের শুরু থেকে সেভাবে দলের স্বার্থে কিছু করতে না পারায় রোনাল্ডোকে সহ্য করতে হয়েছিল নানান সমালোচনা। নিন্দুকদের একটা বড় অংশ বলেই বসেছিলেন, রোনাল্ডো একেবারে অকেজো হয়ে গিয়েছেন! তাঁকে বেঞ্চে বসিয়ে রাখাই উচিত! সেসব দিকে অবশ্য কান যায়নি পর্তুগিজ ফুটবলারের। বরং বল পায়ে নিজেকে প্রমাণ করতেই মরিয়া ছিলেন তিনি। শুক্রবার নকআউট পর্বের ম্যাচে শুরুর দিকে রোনাল্ডোর ফুটবল দেখে খুব একটা জুত হচ্ছিল না সমর্থকদের। তবে খেলা যখন প্রথমার্ধ থেকে দ্বিতীয়ার্ধের শুরুর দিকে গড়াল ছন্দে ফিরলেন CR7।
এদিন অবশ্য 40 মিনিটের পর অনবদ্য একটি গোল করেছিলেন ক্রিশ্চিয়ানো। তবে ভাগ্যের পরিহাস অফসাইডের জন্য বাতিল হয়ে যায় সেই গোল। তাতে থামানো যায়নি পর্তুগিজ ফুটবলারকে। এরপর নিজের জায়গা বুঝে নিয়ে 68 মিনিটের মাথায় পেনাল্টি আদায় করে গোল করলেন রোনাল্ডো। তাতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে পর্তুগালের সমর্থকরা।
এদিন রোনাল্ডোর গোলের আগে গোল করে এগিয়ে থাকা ক্রোয়েশিয়া নিজেদের দ্বিতীয় গোল করতে একেবারে উঠে পড়ে লেগেছিল। তবে সুযোগ তৈরি হলেও তা ভেস্তে যায়। এরপর থেকে ম্যাচে একটানা দাপট রেখে জয় সূচক গোলের জন্য হন্যে হয়ে ঘুরছিল পর্তুগাল। খেলা 90 মিনিটে গড়াতেও সেই সুযোগ তৈরি করে উঠতে পারেনি রোনাল্ডোর দল। তবে অতিরিক্ত সময়ের ম্যাচে অর্থাৎ 94 মিনিটে গিয়ে সুন্দর একটি গোল করেন রামোস। আর সেটাই পর্তুগালকে শেষ ষোলোয় পৌঁছে দিল।
অবশ্যই পড়ুন: হুগলিতে নতুন কারখানা! তৈরি হবে রেলের বন্দে ভারত থেকে মেট্রোর কোচ, কোথায়?
জানিয়ে রাখি, এদিনের ম্যাচে নামার সাথে সাথেই বিশ্বের বয়স্কতম প্লেয়ার হিসেবে ফুটবল বিশ্বকাপের নকআউট খেলার নজির গড়েছিলেন রোনাল্ডো। এরপর প্রথম গোল করার পরেই বেশি বয়সী প্লেয়ার হিসেবে গোল করে ইতিহাস লিখলেন পর্তুগালের অধিনায়ক। এখন অপেক্ষা রাউন্ড অফ 16 এর।










