বিক্রম ব্যানার্জী, কলকাতা: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও ক্রিকেটে কী চলছে না চলছে সবটাই নজরে রেখেছেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)। টিম ইন্ডিয়ায় রদবদল হলে তা এড়িয়ে যায় না ভারতীয় তারকার নজর। সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি দলে সঞ্জুকে সরিয়ে বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) আবার বৈভবকে সরিয়ে সঞ্জুকে জায়গা দেওয়া হয়েছে। যে ঘটনা যথেষ্ট নজর কেড়েছে ক্রিকেট সমর্থকদের। এবার তা নিয়েই মুখ খুললেন ভারতীয় দলের প্রাক্তন সদস্য দীনেশ কার্তিক। এক সাক্ষাৎকারে টিম ইন্ডিয়ায় বৈভব এবং সঞ্জুর মধ্যে অদলবদল হওয়া নিয়ে বড় মন্তব্য করেছেন তিনি।
কী বললেন দীনেশ কার্তিক?
ইংল্যান্ডের বিরুদ্ধে সম্প্রতি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছিল বৈভব সূর্যবংশীর। আর সেটা হয়েছে সঞ্জুকে দল থেকে সরিয়েই। ইংলিশদের বিরুদ্ধে সিরিজের প্রথমদিকে একাদশে থাকলেও বৈভবকে সুযোগ দিতে তাঁকে বিশ্রামে রাখা হয়েছিল। পরবর্তীতে জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারতীয় দলে সুযোগই হয়নি অভিজ্ঞ ক্রিকেটারের। সেই আসরে খেলেছিলেন বৈভব।
এদিকে, সম্প্রতি আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বৈভবকে সরিয়ে ফের সঞ্জুকে নিয়ে আসা হয়। এরপর ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম একাদশেও রাখা হয়েছে তাঁকে। আর এইসব নিয়েই কথা বলতে গিয়ে ভারতীয় দলের প্রাক্তন সদস্য দীনেশ কার্তিক বললেন, “বিষয়টা সত্যিই অবাক করে দেওয়ার মতো। এমনটা শুধু ভারতেই দেখা যায়। টি-টোয়েন্টি বিশ্বকাপে সিরিজের সেরা খেলোয়াড় হয়েছিল সঞ্জু স্যামসন। অথচ মাত্র দুটো ম্যাচের পরই তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়। এরপর বৈভব সূর্যবংশীকে দলে নেওয়া হলেও দুই ম্যাচ পর তাঁকেও বাদ দিয়ে দেওয়া হয়।”
আরও পড়ুন: মোহনবাগানের ডার্বি জয়ের পরই ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারকে হেনস্থা, মারধরের অভিযোগ!
কার্তিক বলেন, “বৈভবকে সরিয়ে ফের দলে নিয়ে আসা হয় সঞ্জুকে। আর তারপর থেকেই ওর উপর চাপ বাড়ছে। যদিও আফগানিস্তানের বিরুদ্ধে দুটো ভাল ইনিংস খেলেছিল সঞ্জু। কিন্তু খারাপ পিচে পরপর দুটো ম্যাচে ব্যর্থ হতেই মনে হচ্ছে সব সমস্যার সমাধান যেন বৈভব সূর্যবংশীই! বর্তমানে সঞ্জু স্যামসন হওয়াটা সত্যিই কঠিন।” আসলে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নায়ক সঞ্জুকে বারবার দল থেকে বাদ দেওয়ায় কার্তিক যে খানিকটা ক্ষুব্ধ সে কথা বোঝা গিয়েছে তাঁর বক্তব্যেই।










