জাতীয় ফুটবল দলের দায়িত্ব পেলেন ইস্টবেঙ্গলের কোচ

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফুটবলে বর্তমানে স্বপ্নের ফর্মে রয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। মহিলা এবং পুরুষ উভয় বিভাগেই ফুটবলে রাজত্ব করছে লাল হলুদ। বিশেষ করে মেয়েদের সাফল্য এখন ঊর্ধ্বগামী। দুবার ইন্ডিয়ান উইমেন্স লিগ জেতার পর AFC উইমেন্স চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে টানা দ্বিতীয়বারের মতো যোগ্যতা অর্জন করেছে ইস্টবেঙ্গল বাহিনী। আর সেই সাফল্যের নেপথ্যে বড় অবদান রয়েছে কোচ অ্যান্টনি অ্যান্ড্রুজের। তিনিই এবার পেলেন জাতীয় দলের দায়িত্ব। ভারতীয় অনূর্ধ্ব 17 মহিলা দলের (Indian Football Team) সহকারী ফুটবল কোচ হিসেবে এবার নিজেকে মেলে ধরবেন তিনি।

ভারতীয় ফুটবল দলের দায়িত্ব পেলেন ইস্টবেঙ্গল কোচ

বর্তমানে ফুটবলের সুবাদে তাসখন্দে রয়েছে ভারতীয় অনূর্ধ্ব 17 মহিলা ফুটবল দল। অনূর্ধ্ব 17 মহিলা এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে নামার আগে উজবেকিস্তানের বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে তারা। ইতিমধ্যেই প্রথম ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। আগামী রবিবার গড়াবে দ্বিতীয় ম্যাচ। এমতাবস্থায়, সেই ভারতীয় ফুটবল দলের দায়িত্ব গিয়ে পড়ল ইস্টবেঙ্গলের মহিলা দলের সাফল্যের কারিগর অ্যান্টনির কাঁধে। আর নতুন দায়িত্ব পাওয়ার পর লাল হলুদের সাফল্য নিয়ে মুখ খুললেন লাল হলুদ কোচ।

AFC চ্যাম্পিয়নস লিগে টানা দ্বিতীয়বারের মতো জায়গা করে নিয়েছে ইস্টবেঙ্গল। আর সে প্রসঙ্গেই লাল হলুদের মেয়েদের হেডস্যার বললেন, “প্রাথমিক পর্বে পৌঁছনোর জন্য আমাদের অনেক সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। হাতে মাত্র চার সপ্তাহ সময় পেয়েছিলাম। আবহাওয়া থেকে শুরু করে মাঠের সমস্যা বিদেশি ফুটবলারদের দেরিতে আসার মতো একাধিক বিষয় নিয়ে দুশ্চিন্তা ছিল। তবে তার মধ্যেও পরপর দুবার যোগ্যতা অর্জন করতে পেরে আমি অত্যন্ত খুশি। এর পুরো অবদানটাই ফুটবলারদের।”

আরও পড়ুন: “প্রাপ্য সম্মান দিন..” ইমরান খানকে নিয়ে পাক সরকারকে বার্তা অজি অধিনায়ক কামিন্সের

ইস্টবেঙ্গলের মহিলা দলকে একের পর এক সাফল্য পাইয়ে দেওয়ায় অ্যান্টনির উপর ভরসা করে জাতীয় দলের দায়িত্ব দেওয়া হয়েছে। আর পাকাপাকিভাবে সেই দায়িত্ব গ্রহণের আগে তিনি বললেন, “বর্তমানে আমার কাজ হল দলকে যোগ্যতা অর্জন করতে সাহায্য করা। ফুটবলার থেকে কোচিং স্টাফ, AIFF অনূর্ধ্ব 17 সেট আপে সঠিক লোকজনদের নিয়ে আসার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছি।” বলে রাখি, ভারতীয় অনূর্ধ্ব 17 মহিলা দলের এখন মূল লক্ষ্য মালয়েশিয়ায় এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করা।