বিক্রম ব্যানার্জী, কলকাতা: বর্তমানে পাকিস্তান সরকারের হেফাজতে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার ইমরান খান (Imran Khan)। তবে সাম্প্রতিক সময়ে বারবার স্বাস্থ্যের অবনতি হয়েছে পশ্চিমের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর। যা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ক্রিকেট মহল। এর আগে বারবার ভারতের প্রাক্তন ক্রিকেটার কপিল দেব থেকে শুরু করে সুনীল গাভাস্কারেরা ইমরান খানের সুস্থতা কামনা করে পাকিস্তান সরকারকে চিঠি লিখেছিলেন। শুধু তাই নয়, বিশ্বের বহু প্রাক্তন ক্রিকেটার ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন। এমতবস্থায়, পাকিস্তানের প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটারকে নিয়ে উদ্বেগ প্রকাশ করে পাক সরকারের কাছে বিশেষ অনুরোধ জানালেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)।
ইমরান খানকে সম্মান জানানো আহ্বান কামিন্সের
গোটা ঘটনার সূত্রপাত হয়েছিল লর্ডসে পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিন। এদিন, ইংল্যান্ডের ওই স্টেডিয়ামে একটি সম্প্রচারকারী সংস্থা ইমরান খানের দুই ছেলের এক সাক্ষাৎকারের ভিডিও প্রচার করে। যেখানে বাবার শারীরিক অবস্থা ও জীবন নিয়ে আশঙ্কা প্রকাশ করতে দেখা গিয়েছিল ইমরানের দুই ছেলেকে। আর তা দেখার পরই পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারের প্রতি মর্যাদাপূর্ণ আচরণের দাবি জানিয়ে পাকিস্তান সরকারের কাছে বিশেষ অনুরোধ রাখলেন অস্ট্রেলিয়ার বর্তমান ওয়ানডে এবং টেস্ট দলের অধিনায়ক প্যাট।
গতকাল অর্থাৎ 28 আগস্ট, ইমরান খানের দুই ছেলে সুলেমান ও কাসিমের বাবাকে নিয়ে আশঙ্কার ভিডিও প্রকাশ্যে আসতেই তা দেখার পর নিজের এক্স হ্যান্ডেলে একটি বড় পোস্ট করেন প্যাট কামিন্স। সেই পোস্টে তিনি লেখেন, “আমি গ্রেগ চ্যাপেল এবং অন্যান্য প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়কদের সমর্থনে কথা বলতে এসেছি। আমি আশা করি আদালতের আদেশ অনুযায়ী ইমরান খান যথাযথ চিকিৎসা পাবেন এবং তার পরিবারের সদস্যদের তার সাথে দেখা করার অনুমতি দেওয়া হবে। আমি আশা করি ইমরান খানকে তার প্রাপ্য সম্মান দিয়ে আচরণ করা হবে।”
Adding my support here to GC and the other former international captains. I hope the court ordered medical assessment be allowed to run its course, and that family visits continue. I hope Imran Khan is treated with the dignity anyone deserves https://t.co/L1L512wXao
— Pat Cummins (@patcummins30) August 28, 2026
আরও পড়ুন: ৫২ বছরে হকি বিশ্বকাপে দ্বিতীয় সাফল্য, ভারতীয় দলকে টাকায় মুড়িয়ে দিচ্ছে হকি ইন্ডিয়া!
উল্লেখ্য, দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর 2023 সাল থেকে রাওয়ালপিন্ডির জেলে বন্দী অবস্থায় রয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। যদিও সম্প্রতি ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর তাঁকে জেল থেকে মুক্ত করা হলেও অন্য আরেকটি মামলায় বর্তমানে হাজতবাস করতে হচ্ছে 73 বছর বয়সী ইমরান খানকে। স্কাই স্পোর্টস নেটওয়ার্ককে দেওয়া একটি সাক্ষাৎকারে ইমরান খানের দুই ছেলে বলেছেন, তাঁদের বাবাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা চলছে!










