কাটল জট! ভারতে সম্প্রচারিত হবে ফিফা ফুটবল বিশ্বকাপ, শীঘ্রই বড় ঘোষণা

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এগিয়ে আসছে ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup)। ভারতীয় টেলিভিশনে সম্প্রচারিত হবে তো? এ নিয়ে বিগত দিনগুলিতে গঙ্গা দিয়ে জল গড়িয়েছে অনেক। তবে এবার খুব সম্ভবত ভারতে বিশ্বকাপের সম্প্রচার নিয়ে জট কাটতে চলেছে। ইতিমধ্যেই সে কথা বলে দিয়েছেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রাক্তন সচিব সাজি প্রভাকরণ। তিনি একেবারে খোলাখুলি জানিয়েছেন, আশা করা যাচ্ছে আগামী সপ্তাহেই সমস্তটা পরিষ্কার হয়ে যাবে। ভারতে বিশ্বকাপের সম্প্রচার নিয়ে বোধহয় আর দ্বিধা দ্বন্দ্ব থাকবে না!

ভারতে বিশ্বকাপের সম্প্রচার নিয়ে ঠিক কী জানালেন প্রভাকরণ?

আজ অর্থাৎ শনিবার, সোশ্যাল মিডিয়ায় সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রাক্তন সচিব জানিয়েছেন, ভারতে বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার নিয়ে অনেকটাই জট কেটেছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এ নিয়ে ভাল খবর আসবে। ফিফার প্রতিনিধিদের সঙ্গেও দরকষাকষি শেষ হয়েছে। এদিন ভারতীয় ফুটবলপ্রেমীদের আশ্বস্ত করে প্রভাকরণ জানান, খুব শীঘ্রই এ নিয়ে সরকারি ঘোষণা আসবে।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রাক্তন কর্তা লিখেছেন, “ভারতীয় ফুটবলপ্রেমী দের জন্য অত্যন্ত আনন্দের খবর। অবশেষে অপেক্ষার অবসান হল। আলোচনা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। আগামী সপ্তাহে ভারতে ফিফা বিশ্বকাপের সম্প্রচার নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার কথা। তাতে দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে স্বস্তি পেতে পারেন ভারতের ফুটবল ভক্তরা। গোটা বিশ্বকাপ উপভোগ করার সুযোগ পাবেন তাঁরা।”

সম্প্রচার নিয়ে সমস্যা কোথায় ছিল?

জানা যায়, ভারতে ফুটবল বিশ্বকাপের সম্প্রচার করার জন্য 100 কোটি টাকা চেয়েছিল ফিফা। তবে এত অর্থ খরচ করে ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলির সম্প্রচারস্বত্ব কিনতে রাজি ছিল না সোনি নেটওয়ার্ক এবং জিওহটস্টার। প্রথম থেকেই এই দুই কোম্পানিই দর কষাকষির করে এসেছে। প্রথমদিকে শোনা গিয়েছিল, সম্প্রচারসত্ব বিক্রির ক্ষেত্রে নিজেদের নির্ধারিত দাম থেকে নড়বেনা ফিফা। শোনা গিয়েছিল, শেষ পর্যন্ত 100 কোটি টাকার এক তৃতীয়াংশ ডিজিটাল সত্ব বিক্রির জন্য চেয়েছিল ফিফা। তবে জিওহটস্টার তারও এক তৃতীয়াংশ দেওয়ার কথা জানায়।

অবশ্যই পড়ুন: শিক্ষকদের পদোন্নতিতে জোর! বাংলায় ‘নিষ্ঠা’ প্রকল্প শুরু করছে রাজ্য সরকার

পরবর্তীতে দেখা গেল 5 কোটি টাকা নিয়ে শুধু নকআউট পর্বের ম্যাচগুলির সম্প্রচারসত্ব কেনার প্রস্তাব রাখলো দূরদর্শন। পরে প্রস্তাবে সায় না মেলায় সরে যায় তারা। এদিকে সুযোগ বুঝে সম্প্রচার স্বত্ব পেতে ঢুকে পড়ে জি গোষ্টি। শেষবারের মতো শোনা গিয়েছে, জি গোষ্ঠী এবং জিওহটস্টার এই দুই সংস্থার সাথে আলোচনা চলছে ফিফার। সিদ্ধান্ত চূড়ান্ত হলেই বড় ঘোষণা আসতে পারে বলেই আশাবাদী অনেকেই।