বিক্রম ব্যানার্জী, কলকাতা: জার্মান মডেলের সাহসী ছবিতে পড়েছিল বিরাট কোহলির লাইক (Virat Kohli)। তারপরই যেন কয়েক দফায়া, ঝড় বয়ে যায় নেট দুনিয়ায়। ভারতীয় মহাতারকাকে নিয়ে ট্রোলিংও কম হয়নি। তাতেই শিরোনামে উঠে এসেছিলেন ওই জার্মান মডেল। এবার পুরনো প্রসঙ্গ নিয়ে নিজেই মুখ খুললেন লিজলাজ ওরফে জেনিফার। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের দাবি, বিরাট কোহলিকে বদনাম করার জন্য তাঁকে টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল।
কোহলিকে বদনাম করার জন্য কারা দিয়েছিল টাকার প্রস্তাব?
গত এপ্রিলের ঘটনা। হঠাৎ সোশ্যাল মিডিয়া ভরে গেল একটি স্ক্রিনশটে। যেখানে দেখা গেল, এক জার্মান মডেলের সাহসী ছবিতে লাইক পড়েছে বিরাট কোহলির। খোলামেলা পোশাক পরিহিত সুন্দরী তনয়ার ছবিতে হঠাৎ কেন বিরাট কোহলি লাইক দিতে গেলেন তা নিয়ে প্রশ্ন চালাচালি হচ্ছিল ভক্তদের মধ্যে। কেউ কেউ আবার কোহলির পুরনো কীর্তি টেনে তাঁকে ট্রোল করতেও ছাড়েননি। অনেকেই আবার কোহলির লাইক বিতর্কে টেনেছিলেন তাঁর স্ত্রী অভিনেত্রী অনুষ্কা শর্মার প্রসঙ্গও।
পরে অবশ্য দেখা যায়, জার্মান মডেলের ছবি থেকে লাইকটি সরিয়ে নিলেন ভারতীয় মহাতারকা। তবে এসবের মধ্যে প্রচারের আলোয় চলে এসেছিলেন জার্মান সুন্দরী। এবার দীর্ঘ সময় পেরিয়ে পুরনো প্রসঙ্গ নিয়ে মুখ খুললেন তিনি। লিজলাজ একেবারে খোলাখুলি জানালেন, “আমাকে অনেকেই চাপ দিচ্ছিল। কিছু সাংবাদিক আমাকে বিরাট কোহলিকে নিয়ে খারাপ কথা বলার জন্য এবং মিথ্যা অভিযোগ তোলার জন্য টাকার প্রস্তাব দিয়েছিল। আমাকে এমন এমন কথাও বলতে বলা হয়েছিল যা কোহলি কোনদিনও করেননি। কিছু ফোন আমাকে বারবার বিরক্ত করেছে। কিন্তু আমি এই ধরনের কথা কেন বলতে যাব? আমি নিজেই তো বিরাট কোহলির বড় ভক্ত।”
View this post on Instagram
অবশ্যই পড়ুন: হৃদরোগে আক্রান্ত হয়ে ভেন্টিলেশনে মোহনবাগান অন্তপ্রাণ টুটু বসু, এখনও ফেরেনি জ্ঞান
বিরাট কোহলির লাইক নিয়ে জেনিফারকে প্রশ্ন করা হলে, তিনি খুব স্পষ্ট ভাবে জানিয়েছিলেন, “আমি যে ব্যক্তির ভক্ত তিনি আমার ফটোতে লাইক করেছেন এটা ভেবেই আবেগী হয়ে পড়েছিলাম। আমি অত্যন্ত খুশি।” কোহলির লাইক প্রসঙ্গে তাঁর ভক্তদের অবশ্য দাবি, “সোশ্যাল মিডিয়া খোলামেলা জায়গা। এখানে কে কার ফটোতে রিয়্যাক্ট করছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার! এসব বিষয়ে বাকিদের নাক গলানো উচিত নয়।”










