পুজোর আগেই ইস্টবেঙ্গল, মোহনবাগানদের মহারণ! IFA শিল্ড নিয়ে বড় খবর

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সম্প্রতি পরপর দুবার চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। প্রথমটা ইন্ডিয়ান সুপার লিগে এবং দ্বিতীয়টা ডুরান্ড কাপে। সেই সাফল্যের পর নতুন ISL মরসুমের অপেক্ষায় রয়েছে লাল হলুদ সহ সব দলই। এমতবস্থায় শোনা যাচ্ছে, খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে পারে দেশের ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট IFA শিল্ড (IFA Shield)। কয়েকটি সূত্র মারফত খবর, 2026 IFA শিল্ড আগামী সেপ্টেম্বরে আয়োজন করতে চাইছে, ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশন। পরিকল্পনা মাফিক সব এগোলে পুজোর মাসেই শেষ হয়ে যেতে পারে এই প্রতিযোগিতা।

ISL শুরুর আগেই IFA শিল্ড শেষ করতে চায় IFA!

কয়েকটি সূত্র মারফত জানা যাচ্ছে, আসন্ন ইন্ডিয়ান সুপার লিগের কথা চিন্তা করে আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি বা শেষের দিকেই IFA শিল্ড আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশন। সব ঠিক থাকলে পুজোর মাস অর্থাৎ অক্টোবরেই শেষ হয়ে যাবে এই প্রতিযোগিতা। তারপরই আয়োজিত হবে ISL এর নতুন সিজন। তবে তার আগে সুষ্ঠুভাবে এই ঐতিহ্যবাহী টুর্নামেন্ট আয়োজন করতে হবে রাজ্য ফুটবলের নিয়ামক সংস্থাকে।

শোনা যাচ্ছে, গত বছরের মতো এ বছরেও এই ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে চলেছে ছয়টি দল। টুর্নামেন্টের দুটি গ্রুপে থাকবে তিনটি করে দল। যে দল দুটি গ্রুপ পর্বের শীর্ষে থেকে যাত্রা শেষ করবে তারাই মুখোমুখি হবে ফাইনালে। আর এই আসরে তিন ময়দান প্রধান ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডানের উপর বিশেষ নজর থাকবে ফুটবল ভক্তদের। বিশেষ করে, ফাইনালে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের ডার্বি হলে তো কথাই নেই!

যুবভারতীতে হবে ফাইনাল?

IFA শিল্ডের ম্যাচগুলি ঠিক কোন মাঠে হবে তা এখনও চূড়ান্ত হয়নি। তবে মনে করা হচ্ছে অন্তত গ্রুপ পর্বের ম্যাচগুলি কলকাতার কিশোর ভারতী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এছাড়া ফাইনাল ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গনে। বিশেষ করে যদি ফাইনাল ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মধ্যে হয় সেক্ষেত্রে তা হবে কলকাতা ডার্বিই। অর্থাৎ ম্যাচ গড়াবে সল্টলেক স্টেডিয়ামে। এ নিয়ে অবশ্য আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।

আরও পড়ুন: বিশ্বকাপ জিতিয়েছিলেন ভারতকে, তুলনা করা হতো কোহলির সাথে! হারিয়ে গেছেন সেই প্লেয়ার

উল্লেখ্য, আগামী অক্টোবর মাসের 3 তারিখ শহরে ফুটবলের প্রাণকেন্দ্র যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের মুখোমুখি হওয়ার কথা রয়েছেন ব্রাজিলের। সেই ম্যাচের উপর নির্ভর করছে ইন্ডিয়ান সুপার লিগের দিনক্ষণও। ফুটবল বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, ব্রাজিলের ম্যাচ অক্টোবরের প্রথম দিকে হওয়ায় সব ঠিকঠাক করে ইন্ডিয়ান সুপার লিগ আয়োজন করতে অক্টোবরের শেষ বা নভেম্বরের শুরু হয়ে যেতে পারে।