বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেটকে আশার আলো দেখিয়েছিলেন তিনি (Unmukt Chand)। 2012 সালের অনূর্ধ্ব 19 বিশ্বকাপে টাউন্সভিলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতে চ্যাম্পিয়ন হয়েছিল টিম ইন্ডিয়া (Team India)। আর সেই জয়টা এসেছিল উন্মুক্ত চাঁদের হাত ধরে। সে বছর ভারতীয় দলের অধিনায়ক ছিলেন তিনি। নিজেকে নেতার আসনে বসিয়ে টিম ইন্ডিয়ার কঠিন সময়ে ব্যাট হাতে অস্ট্রেলিয়াকে হারিয়েছিলেন এই খেলোয়াড়। জিতেছিলেন শিরোপা। আর তারপর থেকেই চাঁদকে নিয়ে বেড়েছিল আলোচনা। অনেকেই তাঁকে বিরাট কোহলির সাথেও তুলনা করতে শুরু করেন। কিন্তু আজ ভারতীয় ক্রিকেট থেকে হারিয়ে গিয়েছেন তিনি।
ভারতীয় ক্রিকেট থেকে হারিয়ে গিয়েছেন চাঁদ
2012 সালে, 26 আগস্ট, অনূর্ধ্ব 19 বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ভারত। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভারতকে 226 রানের লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া। সেই লক্ষ্য তাড়া করতে নেমে 25 ওভারেই চার উইকেট হারিয়ে ফেলেছিল টিম ইন্ডিয়া। রান তখন মাত্র 97। এমতাবস্থায় যথেষ্ট চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। ঠিক সেই মুহূর্তে ব্যাট হাতে মাঠে নামেন উন্মুক্ত চাঁদ। স্মিত প্যাটেলের সাথে জুটি বেঁধে একাই তোলেন 111 রান। আর সেই সূত্রেই অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।
2012 সালের বিশ্বকাপের পরই ভারতীয় ক্রিকেটে জনপ্রিয় হয়ে উঠেছিলেন উন্মুক্ত চাঁদ। তাঁর সাথে তুলনা করা হচ্ছিল বহু প্রাক্তন ক্রিকেটারের। এমনকি বিরাট কোহলির সাথেও তুলনা করা হয় এই প্লেয়ারকে। অনেকেই ভেবে নিয়েছিলেন ভারতের সিনিয়র দলে চাঁদের জায়গা পাঁকা। তবে দুঃখের বিষয়, ভারতীয় সিনিয়র দলের হয়ে একটি ম্যাচও খেলতে পারেননি এই প্লেয়ার। বরং ধীরে ধীরে ক্রিকেটে নিজের নিয়ন্ত্রণ হারাতে থাকেন তিনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও ক্রমাগত ব্যর্থ হতে থাকেন উন্মুক্ত চাঁদ।
আরও পড়ুন: শুধু T20-তেই ৬৫০ উইকেট, বিশ্বের দ্বিতীয় প্লেয়ার হলেন KKR তারকা নারিন
বলাই বাহুল্য, একটা সময় যে ছেলেটাকে নিয়ে স্বপ্ন দেখতেন ভারতের প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে কোচেরা, যাঁকে মনে করা হতো ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ সেই উন্মুক্ত চাঁদ একটা সময় ক্রিকেট থেকেই হারিয়ে যায়। 2021 সালে ক্রিকেটে ক্রমাগত ব্যর্থতা দেখতে দেখতে শেষ পর্যন্ত অবসর ঘোষণা করেন তিনি। এরপরই ভারত ছেড়ে চলে যান আমেরিকায়। তবে ভারতীয় ক্রিকেট ছাড়লেও নিজের কেরিয়ার শেষ করেননি তিনি। বরং দেশ থেকে আমেরিকায় গিয়ে মাইনর লিগ ক্রিকেট ভ্যালি স্ট্রাইকার্সের সাথে চুক্তি করেন চাঁদ। সেই দলে দীর্ঘদিন খেলার পর বর্তমানে মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স দলে খেলছেন তিনি।










