বিক্রম ব্যানার্জী, কলকাতা: শীঘ্রই আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া (India Vs Ireland)। আর সেই সিরিজ থেকেই ছিটকে গেলেন ভারতীয় দলের তারকা অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি। জানা যাচ্ছে, গত আফগানিস্তান সিরিজে বাঁ কোয়াড্রিসেপসে চোট পাওয়ার কারণে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গিয়েছেন নীতিশ। আশঙ্কা করা হচ্ছে এই এক চোটের কারণে ইংল্যান্ড সিরিজ থেকেও বাদ পড়বেন তিনি।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ধাক্কা খেল ভারত!
সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সিলেন্সে ফিটনেস পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন ভারতীয় দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। জানা যায়, গত চোট এখনও পুরোপুরি কাটিয়ে ফিট হয়ে উঠতে পারেননি এই খেলোয়াড়। ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছিল, হার্দিক পান্ডিয়া একটানা বল করতে পারছেন না। ফিটনেস পরীক্ষাতেও ব্যর্থ হয়েছেন তিনি। তাই তাঁকে আসন্ন আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সিরিজ থেকে বাদ রাখা হয়েছে।
শোনা গিয়েছিল, হার্দিক পান্ডিয়ার বিকল্প হিসেবে ভারতের হয়ে এই দুই টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেন নীতিশ কুমার রেড্ডি। তবে আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ চলাকালীন এই ভারতীয় তারকা চোট পাওয়ায় এবার তাঁকে নিয়েও শেষ হল আশা। আপাতত যা খবর, আয়ারল্যান্ড সিরিজ থেকে বাদ পড়ার পাশাপাশি ইংল্যান্ডের বিরুদ্ধেও দেখা যাবে না এই ভারতীয় তারকাকে!
অবশ্যই পড়ুন: টিম ইন্ডিয়ায় কত নম্বর জার্সি পরে খেলবেন বৈভব সূর্যবংশী? খোলসা করল BCCI
আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সিরিজ থেকে হার্দিক পান্ডিয়ার পর নীতিশ কুমার রেড্ডির মতো একজন দাপুটে অলরাউন্ডারের বাদ পড়া মানে ভারতীয় দলের জন্য তা বড়সড় ধাক্কা সে কথা বলার অপেক্ষা রাখে না! সর্বশেষ তথ্য অনুযায়ী, নিতিশ কুমার রেড্ডিকে এমআরআই করানোর পর তাঁর উরুর সামনের অংশের পেশীতে ফোলা ভাব লক্ষ্য করা গিয়েছে।










