বিক্রম ব্যানার্জী, কলকাতা: জোরকদমে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আর এই টুর্নামেন্টের মাঝেই হঠাৎ ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা (Indian Cricketer Death)। চলে গেলেন বিরাট কোহলির সাথে খেলা ভারতীয় ক্রিকেটার আমনপ্রীত সিং। বছর 36 এর এই প্লেয়ারের মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় ক্রিকেট। বলাই বাহুল্য, IPL এ পাঞ্জাব কিংসের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন আমনপ্রীত। খেলোয়াড়ের মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন।
কোহলির সাথে খেলেছিলেন আমনপ্রীত
পাঞ্জাবের চন্ডিগড়ে জন্মগ্রহণকারী আমনপ্রীত সিং গিল পাঞ্জাব ক্রিকেট দলের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন। 2007 সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-19 ত্রি দেশীয় সিরিজে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন এই পাঞ্জাবী ক্রিকেটার। বলাই বাহুল্য, সেখানেই বিরাট কোহলি এবং মনিশ পান্ডেদের মতো প্লেয়ারদের সাথে জুটি বেঁধেছিলেন সদ্যপ্রয়াত আমনপ্রীত। এই আসরে 5 ম্যাচে অংশ নিয়ে 9 উইকেট তুলেছিলেন তিনি।
খেলোয়াড়ের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করে জানানো হয়েছে, “আমনপ্রীত সিং গিল এতদিন নিষ্ঠা এবং আবেগের সাথে পাঞ্জাব ক্রিকেটের সেবা করে এসেছেন। আমরা তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই ও তাঁর আত্মার শান্তি কামনা করি।”
অবশ্যই পড়ুন: রামকৃষ্ণ মিশনের ছাত্র, চিনে নিন প্রাক্তন বায়ুসেনা কর্মী চন্দ্রনাথ রথকে
প্রসঙ্গত, পাঞ্জাবের হয়ে মৃত্যুর আগে পর্যন্ত মোট 6টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছিলেন আমনপ্রীত। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শুরুর দিকে তিনি কিংস ইলেভেন পাঞ্জাবে যোগদান করার সুযোগ পেয়েছিলেন। তবে দুঃখের বিষয়, IPL এ মাঠে নেমে খেলা হয়নি তাঁর। পরবর্তীতে পাঞ্জাবের সিনিয়র নির্বাচন কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন কোহলির বন্ধু বলে পরিচিত আমনপ্রীত।










