মেসি কাণ্ডে অরূপ বিশ্বাস সহ কয়েকজনের বিরুদ্ধ FIR দায়ের শতদ্রুর, তালিকায় বড় নাম

Published:

Messi Event In Kolkata Satadru Dutta Files Fir against Aroop Biswas and others

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ডিসেম্বরের শহরে পা পড়েছিল ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির (Messi Event In Kolkata)। বাকিটা ইতিহাস হয়ে রয়েছে.. সল্টলেক স্টেডিয়ামে আর্জেন্টাইন মহাতারকাকে দেখতে ভিড় জমিয়েছিলেন সাধারণ দর্শকরা। তবে মন্ত্রী ও তাঁর ঘনিষ্ঠদের ভিড়ে প্রিয় তারকাকে দেখাই হয়নি আমজনতার। তাতেই বাড়ে ক্ষোভ। যার ফলাফল যুবভারতীর বিশৃঙ্খলা। সেই ঘটনায় এবার চরম অব্যবস্থাকে সামনে রেখে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সহ জুঁই বিশ্বাস, আইএএস আধিকারিক শান্তনু বসু এবং রাজ্য পুলিশের তৎকালীন ডিজি রাজীব কুমার সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে বিধাননগর থানায় এবার লিখিত অভিযোগ দায়ের করলেন বাঙালি ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত।

অভিযোগ দায়ের করেই বড় কথা জানালেন শতদ্রু

রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী সহ অন্যান্য আধিকারিকদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করার পরই শতদ্রুর দাবি, প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস সহ বেশ কয়েকজনের গাফিলতি এবং ভুলের কারণেই গোটা ইভেন্ট ভেস্তে যায়। অনুমতি ছাড়াই প্রচুর লোক মাঠে প্রবেশ করেছিলেন। যার কারণে তৈরি হয়েছিল বিশৃঙ্খলা। এর আগে নিজের ফেসবুক হ্যান্ডেল থেকে মেসি কাণ্ড নিয়ে বারবার বিস্ফোরক সব অভিযোগ তুলেছেন শতদ্রু। আর প্রতিবারই যুবভারতীর অশান্তির নেপথ্যে দায়ী করেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস সহ নির্দিষ্ট কয়েকজন পুলিশ কর্তাকে!

এবার সরাসরি লিখিত অভিযোগ দায়ের করে সাংবাদিকদের সাথে কথা বলার সময় শতদ্রু জানালেন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস, জুঁই বিশ্বাস এবং তৎকালীন ডিজি রাজীব কুমার সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি সুষ্ঠুভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করার জন্য তাঁদের সাথে যোগাযোগ করলেও এই ব্যক্তিদের ভূমিকায় তিনি যথেষ্ট ক্ষুব্ধ। মাঠের ভিতরে অবাঞ্চিত ব্যক্তিদের প্রবেশ গোটা ইভেন্টটা নষ্ট করে দিয়েছে। তাই এবার গোটের তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হল।

অবশ্যই পড়ুন: ‘মিথ্যে প্রতিশ্রুতি,’ DA, সপ্তম বেতন কমিশন নিয়ে বিস্ফোরক পশ্চিমবঙ্গ সরকারের কর্মীরা

উল্লেখ্য, গত ডিসেম্বরে লিওনেল মেসির ইভেন্টকে কেন্দ্র করে যুবভারতীতে হওয়া বিশৃঙ্খলার ঘটনায় সম্প্রতি বাঙালি ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত জানিয়েছিলেন, তিনি প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে 100 কোটি টাকার মামলা দায়ের করতে চলেছেন। এই মামলায় তিনি সফল হলে যে অর্থ পাবেন সবটাই দর্শকদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে। এদিকে গত রবিবার ডার্বি দেখতে গিয়ে যুবভারতীতে দাঁড়িয়ে রাজ্যের বর্তমান ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক প্রতিশ্রুতি দিয়েছেন, মেসি কাণ্ডের সমস্ত ফাইল খোলা হবে এবং মেসি ইভেন্টের টাকা ফেরত দেওয়া হবে দর্শকদের।