বিক্রম ব্যানার্জী, কলকাতা: মর্যাদার ডার্বিতে(Kolkata Derby) ইস্টবেঙ্গলের কাছে 4-1 ব্যবধানে হেরেছে মোহনবাগান (Mohun Bagan Super Giant)। এই ঘটনা সবুজ মেরুনের জন্য সত্যিই লজ্জার। অস্বীকার করার কোনও জায়গা নেই। বোধহয় সেজন্যই, ইস্টবেঙ্গলের কাছে তিন গোল খেতেই একে একে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে থাকেন মোহনবাগান সমর্থকরা। ম্যাচের শেষে দেখা গেল, টিম বাসে করে তড়িঘড়ি একপ্রকার পালালেন বাগানের নতুন কোচ প্যানাগিওটিস দিলেমপেরিস। ইস্টবেঙ্গলের প্রধান কোচ আন্তোনিও লোপেজ হাবাস, এডমুন্ড লালরিন্দিকারা সাংবাদিক সম্মেলন করলেও এদিন সাংবাদিকদের মুখোমুখি হননি মোহনবাগান কোচ।
লজ্জায় সাংবাদিক সম্মেলন এড়িয়েছে মোহনবাগান
ডুরান্ড কাপের ফাইনাল কলকাতা ডার্বি জেনেই খানিকটা চাপে পড়ে গেছিল মোহনবাগান। মুখে সে কথা স্বীকার না করলেও বাগান ব্রিগেডে যে একটা চাপা অস্বস্তি বিরাজ করছিল সেটা বুঝেছিলেন শহরের ফুটবল ভক্তরা। যাঁরা ময়দানের খোঁজ খবর রাখেন তাঁরা জানবেন, নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে শিলং থেকে সেমি ফাইনাল খেলে আসার পর অনুশীলনের জন্য একপ্রকার সময়ই পায়নি মোহনবাগান। কিন্তু তারকাখচিত দলটা যে ডার্বিতে এভাবে ডুবে যাবে সেটা বুঝতে পারেননি বাগানের অতি ভক্তরাও।
রবিবারের হাইভোল্টেজ ম্যাচে ইস্টবেঙ্গলের কাছে জঘন্য হারের পর দেখা গেল একে একে টিম বাসে করে বেরিয়ে গেলেন মোহনবাগানের ফুটবলার থেকে শুরু করে প্রধান কোচ ও অন্যান্য কোচিং স্টাফেরা। সাংবাদিক সম্মেলন তো দূরের কথা এদিন ক্যামেরার মুখোমুখিই হননি মোহনবাগানের ফুটবলার থেকে কোচ কেউই। কেন সাংবাদিক সম্মেলন এড়িয়েছেন, তা নিয়ে সবুজ মেরুনের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও, সূত্রের খবর ম্যানেজমেন্টের নির্দেশেই সাংবাদিক সম্মেলন করেনি বাগান।
আরও পড়ুন: ‘ওদের সমীহ …’, চার গোল দিয়ে ইস্টবেঙ্গলের রক্ষণাত্মক খেলার কারণ জানালেন হাবাস
কয়েকটি সূত্র বলছে, এদিন ইস্টবেঙ্গলের কাছে বাজেভাবে হেরে যাওয়ায় দলের কৌশলগত অবস্থান থেকে শুরু করে প্রধান কোচের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে পারতো। আর সেই সব প্রশ্নকে এড়িয়ে যাবেন বলেই সাংবাদিকদের মুখোমুখি হননি মোহনবাগানের প্রধান কোচ। এও মনে করা হচ্ছে, নতুন কোচ হিসেবে যাঁকে নেওয়া হয়েছে সেই দিলেমপেরিসকে নিয়েও প্রশ্নের মুখে পড়তে পারতো মোহনবাগান ম্যানেজমেন্ট। আর সেসব কারণেই ঝুট ঝামেলা না রেখে মাঠ থেকে বেরিয়ে সোজা টিম হোটেলে পৌঁছে যায় বাগান ব্রিগেড।










