এবছর বিশ্বকাপে দাপিয়ে খেলবে, সেই দলের প্লেয়ারকে সই করাল মোহনবাগান

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কোথায় ফিফা বিশ্বকাপ আর কোথায় মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। ভারতের এই ক্লাবের সাথে দূর দূর পর্যন্ত সম্পর্ক নেই ফুটবল বিশ্বকাপের। তবে বাগান এবার এমন এক সিদ্ধান্ত নিল যাতে, স্বাভাবিকভাবেই বিশ্বকাপের সাথেই প্রসঙ্গ উঠছে তাদের। আসলে এবারের ইন্ডিয়ান সুপার লিগে চোখের সামনে থেকে ট্রফি নিয়ে বেরিয়ে গিয়েছে ইস্টবেঙ্গল। চেষ্টা করেও কিছুই করতে পারেনি সবুজ মেরুন। তাই ব্যর্থতাকে শিক্ষা বানিয়ে আসন্ন সিজনে ঝাঁপিয়ে পড়তে চায় বাগান ব্রিগেড। ঠিক সেই কারণেই এবার পাঞ্জাব এফসিতে খেলা সামির জেলকোভিচকে সই করাল তারা। বলাই বাহুল্য, বসনিয়ার জাতীয় দলে খেলেছেন সামির। সেই দলই এবছর বিশ্বকাপে নামছে।

বিশ্বকাপের দলের প্লেয়ারকে সই করিয়ে শক্তি বাড়িয়ে রাখল মোহনবাগান

এবারের ইন্ডিয়ান সুপার লিগে পাঞ্জাবের হয়ে মাঠ কাঁপিয়েছেন সামির। মূলত সেন্ট্রাল ডিফেন্সিভ মিডিয়ো পজিশনে খেললেও স্টপারের ভূমিকাতে দুরন্ত এই ফুটবলার। আক্রমণভাগে বাড়তি শক্তি যোগ করতে সিদ্ধহস্ত বাগানের এই নতুন ফুটবলার। এবার তাঁকে দিয়েই নিজেদের স্বপ্ন পূরণ করতে চাইছে সবুজ মেরুন।

যে কথা না বললেই নয়, এবারের ISL এ পাঞ্জাবকে দুটি গোল উপহার দিয়েছেন এই ফুটবলার। তাছাড়াও বসনিয়া প্রিমিয়ার লিগ হোক বা উজ়বেকিস্তানের লিগে পা রেখেই গোল করেছেন তিনি। নিজে সফল হওয়ার সাথে সাথে অন্যান্য সতীর্থদেরও গোল করতে সাহায্য করেন এই ফুটবলার।

অবশ্যই পড়ুন: টিকিট কাটার অভিজ্ঞতাই বদলে যাবে যাত্রীদের! আসছে IRCTC-র নতুন ওয়েবসাইট

প্রসঙ্গত, এবারের বিশ্বকাপে অংশগ্রহণকারী বসনিয়ার জাতীয় দলে দাপিয়ে ফুটবল খেলা সামিরকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী মোহনবাগান। ফুটবলারও মোহনবাগানে খেলতে পারবেন জেনেই নিজের আবেগ ধরে রাখতে পারেননি। দূরদেশের এই প্লেয়ার জানিয়েছেন, ভারতে খেলতে আসার পর থেকেই মোহনবাগানের ধারাবাহিক সাফল্যের কথা শুনেছেন তিনি। যুবভারতীতে দলটার দাপট জানেন ফুটবলার। এহেন শতাব্দী প্রাচীন এবং ঐতিহ্যপূর্ণ দলে খেলতে পারবেন জেনে আপ্লুত এবং গর্বিত সামির। বলে রাখি, বসনিয়ার এই প্লেয়ারের সাথে দু বছরের চুক্তি হয়েছে বাগানের।