‘বৈভব সূর্যবংশীর আসল বয়স ২১-২২ বছর’ পাক তারকার কথায় বাঁধল বিতর্ক

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেটের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। মাত্র 15 বছর বয়সে বৈভব 22 গজে যে খেল দেখাচ্ছেন তা সত্যিই অবাক করে তাবড় তাবড় ক্রিকেটারদের। তবে বৈভবের বয়স নিয়ে প্রায়শই ওঠে প্রশ্ন। অনেকেরই জিজ্ঞাসা থাকে সত্যিই কি বৈভবের বয়স এত কম? নাকি বয়স ভাঁড়িয়ে খেলছেন এই ভারতীয় ক্রিকেটার? আয়ারল্যান্ড সিরিজের আগে এমনই প্রশ্ন তুললেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার তানভীর আহমেদ। তাঁর মতে, বৈভবের বয়স একেবারেই 15 বছর নয়!

বৈভবের বয়স নিয়ে বিতর্কিত মন্তব্য প্রাক্তন পাক ক্রিকেটারের

একটি টিভি চ্যানেলে বৈভব সূর্যবংশী প্রসঙ্গে কথা বলতে গিয়ে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার তানভীর আহমেদ বৈভবের বয়স নিয়ে প্রশ্ন তোলেন। ওই পাক তারকার বক্তব্য ছিল, “আমার মনে হয় না বৈভব সূর্যবংশীর বয়স 15 বছর। তাঁর বয়স অবশ্যই 21-22 বছর হবে। 21-22 বছরেও এত বড় বড় শট মারা সম্ভব নয়। তার ভীত যথেষ্ট মজবুত। ব্যাটে দুর্দান্ত সুইং রয়েছে। 15 বছর বয়সে এমন ক্রিকেট খেলা কারও পক্ষে সম্ভব নয়।”

এদিন ওই পাকিস্তানি তারকা এও বললেন, “বৈভব এখন দুর্দান্ত ছন্দে রয়েছে। তবে যেদিন সে ফর্ম হারাবে, বলের নাগাল পাবে না। রান করতেও পারবে না। তার কারণ সে এখনও অনেকটাই শিশু। তার রিফ্লেক্স এখনও সীমিত। সময়ের সাথে সাথে তার গতি কমে যাবে। ফর্ম হারিয়ে গেলে তাঁর দুর্বলতা প্রকাশ পাবে।”

অবশ্যই পড়ুন: তৈরি হতে চলেছে ইতিহাস, এই অঙ্কে বিশ্বকাপে মুখোমুখি হবে মেসি এবং রোনাল্ডো

প্রসঙ্গত, বৈভব সূর্যবংশীর বয়স নিয়ে বিতর্কিত মন্তব্য করায়  প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারকে একপ্রকার ধুয়ে দিচ্ছেন সোশ্যাল মিডিয়ার নেট নাগরিকরা। তাঁদের দাবি, “বৈভব এখন নিজের ফর্ম উপভোগ করছে। সে শাহিদ আফ্রিদির মতো নয়, যে নিজের বয়স নিয়ে মিথ্যে কথা বলবে!”

google button