বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের মেসি কান্ড নিয়ে মুখ খুললেন বাঙালি ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত (Satadru Dutta)। বাংলায় পালা বদলের পর নতুন সরকার গঠিত হতেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে যুবভারতীর বিশৃঙ্খলা নিয়ে বারবার সরব হয়েছেন শতদ্রু। বর্তমানে প্রায় প্রতিদিনই সল্টলেক স্টেডিয়ামের সেই ঘটনার প্রসঙ্গ টেন কিছু না কিছু পোস্ট করেন এই বাঙালি ক্রীড়া সংগঠক। আজও তার অন্যথা হল না। লিওনেল মেসির শহরে আসার নেপথ্যে নিজের অবদান স্মরণ করিয়ে যুবভারতী কাণ্ডে দোষীদের আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর প্রতিজ্ঞা নিলেন শতদ্রু। লিখলেন, “খেলা এখন শুরু…”
ফের বিস্ফোরক পোস্ট শতদ্রু দত্তের
শনিবার নিজের ফেসবুক হ্যান্ডেলে মেসি কাণ্ড নিয়ে আরও এক পোস্ট করেন শতদ্রু। ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির সাথে নিজের একটি ছবি শেয়ার করে তার ক্যাপশনে বাঙালি ক্রীড়া সংগঠক একেবারে স্পষ্ট ভাষায় লিখেছেন, “আমার তিন বছরের নিরলস পরিশ্রম, আত্মত্যাগ এবং অদম্য প্রচেষ্টার ফলস্বরূপ অবশেষ GOAT ভারতে এসেছিল, লিওনেল মেসির প্রথম প্রাইভেট ইভেন্টের জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত, এক মন্ত্রীর অপেশাদার আচরণ এবং আগের শাসনের অকার্যকর পুলিশি নিরাপত্তার কারণেই সেই ঐতিহাসিক আয়োজন কলঙ্কিত হয়, যার ফলে আমি এবং বাংলার অসংখ্য ফুটবলপ্রেমী গভীরভাবে হতাশ ও ক্ষুব্ধ হয়েছি।”
এদিন দোষীদের শাস্তি দেওয়ার পণ করে, নিজের পোস্টে শতদ্রু আরও লেখেন, “এখন হিসেব নেওয়ার সময় এসেছে। আমি দৃঢ়প্রতিজ্ঞ, দোষীদের আদালতের কাঠগড়ায় দাঁড় করাবো এবং বিচার ব্যবস্থা ও বর্তমান প্রশাসনের উপর পূর্ণ আস্থা রেখে ন্যায় বিচারের জন্য লড়াই চালিয়ে যাব। খেলা এখন শুরু..” শতদ্রুর এমন পোস্ট দেখার পর বাঙালি ফুটবল ভক্তদের অনেকেই কমেন্ট বক্সে লিখেছেন, “শতদ্রু দা, আমরা সবাই, সব মেসি ভক্ত তোমার সাথে আছি।”
অবশ্যই পড়ুন: আর তাঁবেদারি নয়, রাজ্য পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
উল্লেখ্য, সম্প্রতি সরকার গঠনের পর রাজ্যের ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব কাঁধে পেতেই মন্ত্রী নিশীথ প্রামাণিক একেবারে স্পষ্ট করে জানিয়েছেন, বাংলার ক্রীড়াজগতকে রাজনীতি মুক্ত করাই তাঁর প্রধান লক্ষ্য। একই সাথে, বঙ্গের ক্রীড়া মন্ত্রী হতেই মেসি কান্ডের ফাইল চেয়ে পাঠান নিশীথ। সকল ফুটবল ভক্তকে আশ্বস্ত করেন, মেসি কাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত হবে।










