বিক্রম ব্যানার্জী, কলকাতা: বুধবার, কলকাতার (KKR Playoffs Equation) স্বপ্ন কার্যত ভেঙে চুরমার করে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলির দাপুটে ইনিংসেই মাঠে মারা পড়েছে শাহরুখ খানের দল। এদিন ভারতীয় মহাতারকার সেঞ্চুরির দৌলতে 6 উইকেট হাতে রেখে সহজ জয় পায় RCB। ওদিকে প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে লাগাতার বিগত 4 ম্যাচ জেতা KKR একেবারে মুখ থুবড়ে পড়ে। এমতাবস্থায় প্রশ্ন উঠছে, এবার তাহলে কোন অঙ্কে প্লে অফে যেতে পারবে, কলকাতা নাইট রাইডার্স? আদৌ কি স্বপ্ন পূরণ হবে রিঙ্কু সিংদের?
গতকাল, প্রথমে ব্যাট করতে নেমে 192 রান তুলেছিল কলকাতা নাইট রাইডার্স। পরবর্তীতে লক্ষ্য তাড়া করতে নেমে একাই কলকাতার উপর চাপ সৃষ্টি করলেন বিরাট কোহলি। এদিন দেবদূত পাড্ডিকাল 39 রানের ইনিংস খেললেও ভারতীয় মহাতারকা মাঠে টিকে থেকে কলকাতার পরাজয় নিশ্চিত করেছিলেন। তাতে এই মুহূর্তে 11 ম্যাচে 6টিতে পরাজয়, চারটিতে জয় ও একটি বৃষ্টি বিঘ্নিত ম্যাচ নিয়ে 9 পয়েন্টে তালিকার 7 নম্বর থেকে এক ধাপ নেমে 8 এ পৌঁছেছে কলকাতা।
কোন অঙ্কে প্লে অফে উঠবে KKR?
শেষ পাঁচ ম্যাচে প্রথম পরাজয় কলকাতার প্লে অফে ওঠার রাস্তায় একেবারে কাঁটা ছড়িয়ে দিয়েছে। এখন প্রশ্ন, তাহলে কি এবারের মতো স্বপ্নপূরণ হচ্ছে না নাইট বাহিনীর? হিসেব বলে, খাতায় কলমে এই মুহূর্তে আরও তিনটি ম্যাচ বাকি অজিঙ্কা রাহানেদের। প্লে অফের লড়াইয়ের টিকে থাকতে হলে পরবর্তী তিন ম্যাচের তিনটিতেই কলকাতাকে বড় ব্যবধানে জিততে হবে।
অবশ্যই পড়ুন: নিরাপদে হরমুজ প্রণালী পার করল LPG ভর্তি ভারতীয় ট্যাঙ্কার এমভি সানশাইন
শুধু এতেই হবে না, সেই সাথে পাঞ্জাব কিংস, সানরাইজার্স হায়দরাবাদ এমনকি চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালসকে তাদের বাকি ম্যাচগুলিতে হারতে হবে। এটা হলে তবেই সহজে প্লে অফে জায়গা করতে পারবে কলকাতা। সব মিলিয়ে বলাই যায়, কলকাতার স্বপ্ন পূরণ এখন একপ্রকার অসম্ভব। বড় কোনও চমৎকার না হলে এ বছর কলকাতাকে প্লে অফে তুলতে পারবে না কেউই!










