বিক্রম ব্যানার্জী, কলকাতা: 16টা বছর পর ফিফা ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup) ক্ষমতা দেখিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে স্পেন (Spain)। গতকাল রাতে, বেলজিয়ামকে নাকানি চোবানি খাইয়ে 2-1 ব্যবধানের জয় নিশ্চিত করেছে ফুটবলের এই দ্রুতগতির দেশটি। যদিও বেলজিয়ামের বিরুদ্ধে জয় খোঁজার কাজটা একেবারেই সহজ ছিল না। গোটা ম্যাচে যথেষ্ট আক্রমণাত্মক ছিল প্রতিপক্ষ। তার মধ্যেও একেবারে শেষ মুহূর্তে মিকেল মেরিনোর গোলে জয়ের পতাকা উড়িয়েছে স্পেন। এবার সেমির মঞ্চে তারা মুখোমুখি হবে এমবাপের ফ্রান্সের।
ফ্রান্সের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে স্পেনকে!
গতকাল, ম্যাচের একেবারে শুরু থেকেই দাপট দেখাচ্ছিল দুদলই। স্পেন না বেলজিয়াম, 1 ইঞ্চি জায়গাও ছাড়তে রাজি ছিল না কোনও পক্ষ। তার মাঝেই বল দখলের লড়াইয়ে এগিয়ে থেকে 30 মিনিটের মাথায় প্রথম গোল করে স্পেন। সাফল্য এসেছিল রুইজের পা থেকে। স্পেনের কাছে প্রথম গোল খেয়ে আত্মসম্মানে আঘাত লেগেছিল বেলজিয়ামের। সেখান থেকেই গোলের জন্য একেবারে হন্যে হয়ে দৌড়াতে থাকে স্পেনের প্রতিপক্ষ।
দুপক্ষের লড়াইকে সাক্ষী রেখে খেলা যখন বেশ খানিকটা এগিয়ে গিয়েছে মদানি ওলমোর বদলি হিসেবে মাঠে নামানো হল মিকেল মেরিনোকে। আর এসেই যেন প্রতিপক্ষের রক্ষণ ভাঙার কাজটা শুরু করে দিয়েছিলেন তিনি। সেই সূত্রেই 88 মিনিটের মাথায় আসে সাফল্য। দলের জন্য দ্বিতীয় গোলটি করেই ম্যাচের ভাগ্য লিখে ফেলেন মেরিনো। এরপর অবশ্য বেলজিয়ামকে গোল শোধ করতে দেয়নি স্পেন। আর তাতেই বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল লামিন ইয়ামালের দেশ।
অবশ্যই পড়ুন: জিরো এনরোলমেন্ট স্কুল নিয়ে বড় সিদ্ধান্ত! বদলির নির্দেশ জারি প্রাথমিক শিক্ষকদের
বলাই বাহুল্য, এর আগে শেষ বারের মতো 2010 সালে ফিফা ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করতে পেরেছিল স্পেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, সে বছরই ময়দানে নেদারল্যান্ডসকে পরাজিত করে ফিফা ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়নও হয়েছিল এই স্পেন। সেই সুসময়ের পর দীর্ঘ 16 বছর কাটিয়ে আবারও সাফল্যের গন্ধ নিয়ে সেমিফাইনালে জায়গা করে নিল লুইস দে লা ফুয়েন্তের দল।










