বিক্রম ব্যানার্জী, কলকাতা: আর্জেন্টিনার বিরুদ্ধে পিছিয়ে থেকেও রবিবারের ম্যাচে সমতা ফিরিয়েছিল সুইজারল্যান্ড (Switzerland)। শুধু তাই নয়, নিজেদের খেলায় আলাদা ভ্যালুও যুক্ত করেছিল এই দলটি। কিন্তু তাতেও আর্জেন্টিনাকে ঠেকিয়ে রাখতে পারেনি তারা। শেষ পর্যন্ত, 3-1 ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে সুইজারল্যান্ড বাহিনীকে। আর তারপরেই বিস্ফোরক মন্তব্য করে বসলেন সুইস কোচ মুরাত ইয়াকিন (Switzerland Coach)।
আর্জেন্টিনার ম্যাচ নিয়ে বিস্ফোরক সুইজারল্যান্ডের কোচ
রবিবারের ম্যাচে শুরু থেকেই দাপট বজায় রেখেছিল আর্জেন্টিনা। সেই সূত্রেই প্রথম গোলটি আসে মেসির দলের পা ঘুরেই। পরে অবশ্য সেই গোল শোধ দিয়েছিল প্রতিপক্ষ সুইজারল্যান্ড। সুইস বাহিনীর হাতে সুযোগ ছিল আরও একটি গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনার। তবে সেই কাজ করে উঠতে পারেননি তারা। আসলে এদিন ম্যাচের 72 মিনিটে গিয়ে ঘটেছিল বিরাট ঘটনা। ব্রিল এমবোলোর সঙ্গে লিয়ান্দ্রো পারেদেসের সংঘর্ষে প্রথমে হলুদ কার্ড দেখানো হয় আর্জেন্টাইন মিডফিল্ডারকে। যদিও VAR এর হস্তক্ষেপে পর্যালোচনা করা হয় গোটা ঘটনাটি।
এদিন VAR দায়িত্ব নিতেই দেখা যায় রেফারি ভুল খেলোয়াড়কে শাস্তি দিয়েছেন। উল্টো অভিনয়ের জন্য শাস্তি দেওয়া হয় সুইজারল্যান্ড ফরোয়ার্ডকে। এরপর দ্বিতীয় হলুদ কার্ড পেতেই মাঠ ছাড়তে হয় তাঁকে।। ফলে 10 জনের দলে পরিণত হয়েছিল সুইজারল্যান্ড। আর সেই সুযোগটাকে কাজে লাগিয়েই গোটা দলটাকে নাকি নাকানি চোবানি খাইয়েছে আর্জেন্টিনা। এমনটাই দাবি করেছেন সুইজারল্যান্ডের কোচ মুরাত ইয়াকিন।
অবশ্যই পড়ুন: অপরাধীদের মাথায় বাজ! কাল থেকে রাজ্যে কার্যকর গুণ্ডা দমন আইন, কোন কাজে শাস্তি?
তাঁর বক্তব্য ছিল, রবিবার আর্জেন্টিনার থেকেও ভাল ফুটবল খেলেছে সুইজারল্যান্ড। সুযোগ পেলে আর্জেন্টিনাকে আরও চাপে ফেলতে পারতো তারা। তবে এদিন ভাগ্য একেবারেই সাথে ছিল না সুইজারল্যান্ডের প্লেয়ারদের। তার উপর 10 জন প্লেয়ার নিয়ে খেলতে হয়েছে। তাঁর এও দাবি, “যেভাবে আমরা লড়াই করেছি তাতে টাইব্রেকারে সুযোগ না পাওয়াটা অন্যায্য বলে মনে করছি।” তবে নিজের দলের পারফরমেন্সে সন্তুষ্ট সুইজারল্যান্ড দলের হেড কোচ।










