বিক্রম ব্যানার্জী, কলকাতা: এত অল্প বয়সে সহ অধিনায়কের দায়িত্ব দেওয়াটা কি ঠিক হল? দিলীপ ট্রফির প্রথম দিন ব্যাট করতে নেমে বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) ডাহা ফেল করতেই প্রশ্নটা উঠছে। এ বছর, লাল বলের (Red Ball Cricket) ক্রিকেটে বৈভবকে সহ অধিনায়ক করেছিলেন পূর্বাঞ্চলের নির্বাচকেরা। আশা করেছিলেন, দলকে নেতৃত্ব দিতে পারবেন তিনি। ব্যাট হাতে প্রচুর রানও করবেন। কিন্তু সেসবের কিছুই হল না। টুর্নামেন্টের প্রথম দিনই 8 রানে আউট হয়ে ব্যর্থতা দেখলেন বিহারের বৈভব।
সহ অধিনায়কের দায়িত্বটা দেওয়াই ভুল হয়েছে?
দিলীপ ট্রফির প্রথম দিনেই উত্তর পূর্বাঞ্চলের বিরুদ্ধে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করেছে পূর্বাঞ্চল দল। রবিবারের ম্যাচে, টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে বৈভব সূর্যবংশীর দল পূর্বাঞ্চল। সেই সূত্রেই অভিমন্যু ঈশ্বরণের সাথে ওপেনিং করতে মাঠে আসেন বিহারের কিশোর। তবে প্রতিপক্ষের বোলারদের সামনে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি ভারতীয় দলে সদ্য জায়গা পাওয়া বৈভব সূর্যবংশী।
এদিন, উত্তর পূর্বাঞ্চলের বোলারদের কিছু বল খেলার পরই 8 রানে উইকেট দিয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যান 15 বছর বয়সী ওই কিশোর। যদিও খাতায় আট রান যোগ করতে দুটি চার মেরেছিলেন বৈভব। এদিন ব্যাট করতে আসার কিছুক্ষণের মধ্যেই বিশ্বরজিৎ কন্থৌজামের বলে তুলে খেলতে গিয়ে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরে যান বিহারের ক্রিকেটার। আর তারপর থেকেই প্রশ্ন উঠছে, লাল বলের ক্রিকেটে আদৌ কি নিজেকে মেলে ধরতে পারবেন বৈভব সূর্যবংশী? সহ অধিনায়কের দায়িত্ব দেওয়াটা কি সত্যিই ঠিক হল?
আরও পড়ুন: ভারতে নয়! ব্রাজিল খেলতে যাচ্ছে বাংলাদেশে? বড় খবর
লাল বলের ক্রিকেটে বৈভব সূর্যবংশী জনপ্রিয়তা অর্জন করবে এমনটা মনে করেন ভারতের বহু প্রাক্তন ক্রিকেটার। এই তালিকায় রয়েছেন সচিন তেন্ডুলকরও। এমনকি রাহুল দ্রাবিড়ের মতো প্রাক্তন ক্রিকেটারও মনে করেন বৈভব লাল বলের ক্রিকেটে ক্ষমতা প্রদর্শন করবেন। তবে সেই সব বক্তব্যের পরেও দিলীপ ট্রফিতে খেলতে নেমে বিহারের তারকা যেভাবে ব্যর্থ হলেন তাতে যথেষ্ট হতাশ হয়েছেন ক্রিকেট ভক্তরা। কেউ কেউ তো এও বলছেন, “বৈভবের সহ অধিনায়ক হওয়ার যোগ্যতাই নেই!”










