বিক্রম ব্যানার্জী, কলকাতা: শিষ্য রসিক দুলারি শরণ ওরফে দীপক লোধির মৃত্যুর পরই শিরোনামে এসেছে প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কেলিকুঞ্জ আশ্রম। এমতাবস্থায় শ্রী কৃষ্ণ জন্মভূমি সংঘর্ষ ন্যাসের সভাপতি ফলাহারি মহারাজ দীনেশ শর্মা বিরাট কোহলিকে (Virat Kohli) নিয়ে এক চাঞ্চল্যকর মন্তব্য করেছিলেন। বলেছিলেন, মহারাজের আশ্রমে গিয়ে রিল ভিডিও বানানোর জন্য নাকি 5 কোটি টাকা নিয়েছেন ভারতীয় মহাতারকা। এবার তা নিয়েই মুখ খুললেন কোহলির মুখপাত্র। তিনি একেবারে স্পষ্ট করে জানিয়ে দিলেন, বিরাটের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।
5 কোটি টাকা নিয়ে মুখ খুললেন বিরাটের মুখপাত্র
প্রেমানন্দ মহারাজের আশ্রমে গিয়ে ভিডিও করার বিনিময়ে টাকা নেওয়ার প্রসঙ্গে মুখ খুলে বিরাট কোহলির মুখপাত্র জানান, “ফলাহারি মহারাজ দীনেশ শর্মা বিরাট কোহলি প্রসঙ্গে যা যা বলেছেন সবটাই মিথ্যা এবং ভিত্তিহীন। কোহলি এবং তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা প্রেমানন্দ মহারাজকে যথেষ্ট শ্রদ্ধা করেন এবং তাঁর প্রতি ভক্তি থেকেই সেখানে গিয়েছিলেন। এর পেছনে কোনও ব্যবসায়িক উদ্দেশ্য নেই। যেসব খবর ছড়ানো হচ্ছে সেগুলো পুরোপুরি বানানো।”
এদিকে বিরাট কোহলির গোটা টিম সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেটার প্রসঙ্গে ছড়ানো ভুয়ো মন্তব্য নিয়ে বিবৃতি জারি করে জানিয়েছে, সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা প্ল্যাটফর্মের উচিত দায়িত্বশীল হওয়া। যে ধরনের খবর ছড়ানো হচ্ছে সেগুলো পুরোপুরি যাচাই করে নেওয়া উচিত। শুধু তাই নয়, কোহলি প্রসঙ্গে এমন অভিযোগে যথেষ্ট ক্ষুব্ধ ভক্তরাও। তাঁদের দাবি, বিরাট কোহলি শুধুমাত্র 5 কোটি টাকার জন্য এসব কখনই করবেন না।
আরও পড়ুন: ‘গঙ্গা জল চুক্তিতে নেপালকে অন্তর্ভুক্ত করতে হবে’ ভারতকে চাপে ফেলে দাবি বাংলাদেশের!
উল্লেখ্য, টেলিভিশন চ্যানেলে ফলহারি মহারাজ নামে পরিচিত দীনেশ শর্মা বিরাট কোহলির বিরুদ্ধে অভিযোগ করে বলেছিলেন, প্রপার্টি বিল্ডার লবি এবং রাজস্থানের একটি বেসরকারি সংস্থা বিরাট কোহলিকে প্রেমানন্দ মহারাজের আশ্রমে নিয়ে যাওয়ার জন্য 5 কোটি টাকা দিয়েছিল। সেখানে গিয়ে রিল ভিডিও করার জন্যই নাকি এই অর্থ দেওয়া হয়েছিল তাঁকে। এবার সেই দাবিই নস্যাৎ করা হল কোহলির তরফে।










