12,000 mAh ব্যাটারির স্মার্টফোন আনছে Redmi

Published:

Redmi New Smartphone

সৌভিক মুখার্জী, কলকাতা: ব্যাটারি নিয়ে নো টেনশন! পাওয়ার ব্যাঙ্কের দিন কি তাহলে এবার শেষ হতে চলল? রেডমির সাম্প্রতিক এক পদক্ষেপ সেই ইঙ্গিতই দিচ্ছে। কারণ, নামিদামি টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি অনুযায়ী, রেডমি বর্তমানে একটি নেক্সট জেনারেশন স্মার্টফোনের (Redmi New Smartphone) ইন্টারনাল টেস্টিং চালাচ্ছে। যার প্রধান আকর্ষণ এর ব্যাটারি। জানা গিয়েছে, এই ফোনটিতে নাকি 12,000 mAh এর একটি ধামাকাদার ব্যাটারি থাকবে!

স্লিম ডিজাইনেও বিশাল পাওয়ার

সাধারণত ব্যাটারি বড় হলে ফোন মোটা কিংবা ভারী হয়ে যায়। তবে রেডমি এখানে ব্যবহার করছে অত্যাধুনিক সিঙ্গেল সেলের হাই সিলিকন ব্যাটারি টেকনোলজি। আর এই প্রযুক্তির প্রধান বৈশিষ্ট্য হল—এটি ব্যাটারির আকার না বাড়িয়ে এনার্জি ডেনসিটি বা শক্তি সঞ্চয়ের ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়। যার ফলে 12,000 mAh এর ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটি দেখতে এক্কেবারে স্লিম মনে হবে।

শোনা যাচ্ছে, শক্তিশালী ডিভাইসটি Redmi Turbo 6 Max নামে বাজারে আসতে পারে। উল্লেখ করার বিষয়, বর্তমানে কোম্পানির কাছে সবথেকে বড় ব্যাটারির ফোন Redmi Turbo 5 Max, যাতে 9,000 mAh ব্যাটারি রয়েছে। তাই পরবর্তী মডেলে 12,000 mAh এর ব্যাটারি থাকাটা যে খুব একটা অস্বাভাবিক, এমনটা মনে করছেন না বিশেষজ্ঞরা।

পারফরম্যান্সেও থাকবে চমক

তবে বড় ব্যাটারি মানেই যে ফোনটি বাজেট বা এন্ট্রি লেভেলের মধ্যে হবে এমনটা কিন্তু নয়। লিক হওয়া রিপোর্ট অনুযায়ী, এই ফোনটিতে ব্যবহার করা হবে হাই পারফরমেন্স ফ্ল্যাগশিপ চিপসেট। অর্থাৎ গেমিং থেকে শুরু করে মাল্টিটাস্কিং সবকিছুতেই দুর্দান্ত গতি মিলবে। আর শুধু তাই নয়, এর সঙ্গে অত্যন্ত দ্রুতগতির ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে বলে আশা করা যাচ্ছে।

আরও পড়ুন: ভারতকে নিয়ে দুই বড় সিদ্ধান্ত নেপালের প্রধানমন্ত্রীর, নিজের দেশে বিরোধিতা বালেন শাহর

তবে সূত্র মারফৎ খবর, রেডমি চিনে আগামী কয়েক মাসের মধ্যেই Redmi Note 17 সিরিজ লঞ্চ করতে পারে। যার প্রো ম্যাক্স মডেলে 10,000 mAh এর ব্যাটারি থাকতে পারে। তবে 12,000 mAh ব্যাটারির বিশেষ ফোনটি অর্থাৎ Redmi Turbo 6 Max ফোনটি সম্ভবত 2027 সালের প্রথম দিকে বিশ্ববাজারে আসবে এমনটাই মত বিশেষজ্ঞদের।