উন্নত ফিচার্সের পাশাপাশি নজরকাড়া লুক, বাজেটের মধ্যেই আসছে Vivo-র নতুন ফোন

Published:

vivo T5 Lite

সৌভিক মুখার্জী, কলকাতা: বাজেট 5G  স্মার্টফোন বাজারে নিজেদের অবস্থান আবারও পাকাপোক্ত করতে নতুন ফোন আনার প্রস্তুতি শুরু করে দিল ভিভো। Vivo T5 Pro এবং Vivo T5x বাজারে আনার পর এবার নতুন Vivo T5 Lite ফোন আনার ইঙ্গিত দিয়েছে কোম্পানি। ই-কমার্স প্ল্যাটফর্মে প্রকাশিত টিজারের মাধ্যমে নতুন স্মার্টফোনের ডিজাইন আর একাধিক গুরুত্বপূর্ণ ফিচার্সের তথ্য সামনে এসেছে। বড় ব্যাটারি থেকে শুরু করে দ্রুত চার্জিং এবং সর্বশেষ অ্যান্ড্রয়েড সফটওয়্যারের সমন্বয়ে এই ফোনটি হতে পারে মধ্যবিত্তদের বাজেটে দারুণ বিকল্প।

থাকবে শক্তিশালী ব্যাটারি

ভিভো জানিয়েছে, নতুন এই Vivo T5 Lite ফোনটিতে থাকবে 6500mAh ক্ষমতাসম্পন্ন একটি বিরাট ব্যাটারি, যেটি 44W FlashCharge প্রযুক্তি সমর্থন করবে। ফলে দৈনন্দিন ব্যবহারে দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপ পাওয়ার পাশাপাশি কম সময়ে ফুল চার্জের সুবিধা মিলবে এই ফোনটিতে। এমনকি যারা সারাদিন ফোন ব্যবহার করেন বা বারবার চার্জ দিতে চান না, তাদের জন্য এটি হতে পারে দারুণ বিকল্প।

তবে টিজারে দেখা গিয়েছে, Vivo T5 Lite ফোনটিতে থাকবে ফ্ল্যাট ফ্রেম এবং ফ্ল্যাট ডিসপ্লে ডিজাইন। আর পিছনের অংশে উল্লম্বভাবে সাজানো একটি ডুয়াল ক্যামেরা মডিউল রাখা হয়েছে। পাশাপাশি ফোনের পাশে পাওয়ার বাটন এবং ভলিউম কন্ট্রোল বাটন তো থাকছেই। এমনকি এই ফোনের সবথেকে বড় দিক হল এটি অ্যান্ড্রয়েড 16 ভিত্তিক নতুন সফটওয়্যার নিয়ে বাজারে আসতে পারে। আর নতুন অপারেটিং সিস্টেমের ফলে ব্যবহারকারীরা আরও উন্নত নিরাপত্তা, পারফরমেন্স এবং আধুনিক সফটওয়্যার ফিচার্সের সুবিধা পাবে।

কী কী স্পেসিফিকেশন থাকবে?

যদিও এখনও পর্যন্ত ভিভো সম্পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করেনি, কিন্তু বিভিন্ন সূত্র অনুযায়ী যে তথ্য সামনে এসেছে, সেই অনুযায়ী ফোনটিতে থাকতে পারে 6.74 ইঞ্চির একটি HD+ LCD ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz এবং সর্বোচ্চ ব্রাইটনেস 1200 নিটস পর্যন্ত। এছাড়া ফোনটিতে MediaTek Dimensity 6300 অথবা Dimensity 6400 চিপসেট থাকতে পারে। ক্যামেরা নিয়ে যদি কথা বলি, তাহলে ফোনটিতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা থাকবে এবং অতিরিক্ত একটি সেন্সর থাকতে পারে। এছাড়া IP65 রেটিং থাকবে, যা জল বা ধুলো থেকে ফোনটিকে সুরক্ষা দেবে।

আরও পড়ুন: ‘গণপিটুনিতে মৃত্যু নির্দোষের, উস্কানি দিয়ে পার পাবে না কেউ!’ বারুইপুরে পুলিশকেও ডেডলাইন

তবে এই ফোনটি আপাতত তিনটি ভেরিয়েন্টে বাজারে আসতে পারে। সেগুলি হল 4GB RAM + 128GB স্টোরেজ, 6GB RAM + 128GB স্টোরেজ এবং 6GB RAM + 256GB স্টোরেজ। যদিও এখনও পর্যন্ত দাম সম্পর্কে কিছু জানা যায়নি এবং ফোনটির আনুষ্ঠানিক লঞ্চের তারিখও ভিভো জানায়নি। তবে টিজার প্রকাশের পর মনে করা হচ্ছে, খুব শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ করা হবে Vivo T5 Lite।

আরও Smartphone Vivo