মমতার ভাইজির সুইসাইড, বেতন বৃদ্ধির ঘোষণা…! আজকের সেরা ১০ খবর (১ সেপ্টেম্বর)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১ সেপ্টেম্বর, মঙ্গলবার। মমতার ভাইজির সুইসাইড, বেতন বৃদ্ধির ঘোষণা, গ্রেফতার কাঁথির তৃণমূল নেতা, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) দুর্নীতি মামলায় গ্রেফতার কাঁথির তৃণমূল নেতা

নির্বাচনের ফলপ্রকাশের পর পূর্ব মেদিনীপুর জুড়ে বহু তৃণমূল কর্মীকে ঘরছাড়া করার অভিযোগ ওঠে। সেই অভিযোগ তুলেছিলেন কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি পিযুস পণ্ডা। এমনকি তার প্রতিবাদে মঙ্গলবার থেকে আমরণ অনশনের ডাক দিয়েছিলেন তিনি। তবে তার আগেই অর্থাৎ সোমবার রাতে পুরনো এক আর্থিক দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। আসলে মঙ্গলবার অনশন শুরু করার কথা ছিল তাঁর। তবে সোমবার রাতেই তাঁকে গ্রেফতার করে ১০ দিনের জন্য হেফাজতে চেয়ে কাঁথি মহকুমা আদালতে হাজির করানো হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) বাতিল ককরোচদের ৫ সেপ্টেম্বরের প্রতিবাদ কর্মসূচি

দেশজুড়ে আগামী ৫ সেপ্টেম্বর আন্দোলনে ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি, যেহেতু কেন্দ্র সরকার প্রতিশ্রুতি দিয়েও বিক্ষোভকারীদের উপর থেকে এফআইআর-গুলি তোলেনি। তবে এবার সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সেই এফআইআর তোলা হল। এমনকি এই ঘোষণা সামনে আসতেই আন্দোলন প্রত্যাহারের ডাক দিয়েছে তারা। তবে জানানো হয়েছে, দিল্লিতে যে ২৮৭৩ জন বিক্ষোভকারীর নামে অতীতে অপরাধের বিভিন্ন রেকর্ড রয়েছে, তাদের বিরুদ্ধে দিল্লি পুলিশ মামলা চালিয়ে যেতে পারবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) যাদবপুর কাণ্ডে ৭ দিনের মধ্যে রিপোর্ট চাইল NCSC

যাদবপুর ইউনিভার্সিটি নিয়ে এখন রাজ্যের রাজনীতির সরগরম অবস্থা। তবে এই সংঘর্ষের মধ্যে এবিভিপি নেতা যাদবপুরের গবেষক ছাত্র নিখিল দাসকে নিয়ে বিতর্ক তুঙ্গে। অভিযোগ, বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যদের কাছে তিনি জাতিগত বৈষম্যের শিকার হয়েছেন। এমনকি জাতীয় তপশিলি কমিশন গোটা ঘটনার রিপোর্ট চেয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কলকাতা পুলিশ কমিশনারের কাছে। যদি সময়সীমার মধ্যে রিপোর্ট জমা না দেওয়া হয়, তাহলে সমন করা হবে বলেও খবর। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) ৩ দিন ধরে বন্ধ বোলপুর-দুর্গাপুর বাস পরিষেবা

এবার বন্ধ হল বোলপুর, দুর্গাপুর, আসানসোল রোডের বাস পরিষেবা। সময়সূচি নিয়ে বাস মালিকদের মধ্যে বিতর্ক চরম আকার ধারণ করার কারণেই পরিষেবা ব্যাহত হচ্ছে। আপাতত ৩ দিন বন্ধ রাখা হয়েছে এই রুটের বাস। এমনকি এতে যাত্রীদের যে চরম বিপাকের মধ্যে পড়তে হবে তা বলার অপেক্ষা রাখে না। প্রায় ৬০টির বেশি বাস বন্ধ হয়ে গিয়েছে। বাস কর্মীদের দাবি, বাস বন্ধ থাকায় রোজগার বন্ধ হচ্ছে। অথচ সমস্যা সমাধানে এখনও উদ্যোগ নেই। পাশাপাশি নিত্যযাত্রীরা বাস না পাওয়ায় অটো-টোটো ধরতে বাধ্য হচ্ছেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইজির রহস্য মৃত্যু

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইজির রহস্যমৃত্যু। বীরভূমের রামপুরহাটের বাড়ি থেকে উদ্ধার করা হল ২৮ বছরের বৃষ্টি মুখোপাধ্যায়ের ঝুলন্ত দেহ। কুশুম্বা গ্রামের ওই বাড়িতে দোতলার একটি ঘর থেকেই নিহার মুখোপাধ্যায়ের মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই সেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে খবর। আসলে স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল তাঁর। বিগত দিনগুলিতে নিজের বাপের বাড়িতেই থাকছিলেন তিনি। মঙ্গলবার সকালে সেই বাড়ির একটি ঘর থেকে উদ্ধার হয়েছে তাঁর দেহ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) নৈহাটির রাস্তায় বন্ধ হল টোটো

আজ অর্থাৎ ১ সেপ্টেম্বর থেকেই রাজ্যের জাতীয় সড়কে অবৈধ টোটো-অটো চলাচল বন্ধ হবে বলে জানানো হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে। এর পাশাপাশি ব্যস্ততম সড়কগুলিতেও টোটো চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। সেই সূত্রে কাকিনাড়া বাজার, শ্যামনগর, ভাটপাড়ার পর এবার নৈহাটির ব্যস্ত রাস্তা ও ঘোষপাড়া রোড বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে নৈহাটির গরুর ফাঁড়ি থেকে ৭৩ নম্বর বাসস্ট্যান্ড পর্যন্ত ৪ কিলোমিটার রাস্তায় টোটো চলাচল নিষিদ্ধ হয়েছে বলেই খবর। এর পাশাপাশি অন্যান্য রোডেও তা কার্যকর হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) ভিলেজ পুলিশদের ২০০০ টাকা ভাতা বাড়ল সরকার

এবার রাজ্যের ভিলেজ পুলিশদের ভাতা বাড়ানোর ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। ২০০০ টাকা করে ভাতা বাড়ানো হয়েছে তাদের। উৎসবের মরসুমে যে বাড়তি ভাতা তাদের জন্য সুখবর বয়ে আনল তা বলার অপেক্ষা রাখে না। আসলে আগে তাদের ভাতা ছিল মাত্র ১০,০০০ টাকা। তবে ২০০০ টাকা বাড়ানোর পর এবার নতুন বেতন দাঁড়িয়ে আছে ১২,০০০ টাকা। আইন শৃঙ্খলা রক্ষার্থে রাজ্য পুলিশের পাশাপাশি ভিলেজ পুলিশদের গুরুত্ব অপরিসীম। তাদের কাজের গতি আরও বাড়াতে এই ঘোষণা করেছে সরকার। যদিও বাজেট পেশের সময় অর্থমন্ত্রী এই ঘোষণা করেছিলেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) বিলবোর্ড কাণ্ডে শেক্সপিয়র সরণী থানায় হাজিরা দিলেন অভিষেক

ক্যামাক স্ট্রিটের বিলবোর্ড কাণ্ডে এবার শেক্সপিয়র সরণী থানায় হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের দ্বারস্থ হলেও মেলেনি সুরাহা। এমনকি অভিষেক সহ তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে দায়ের করা হয় এফআইআর। আজ তাঁকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেই খবর। বৃষ্টিভেজা অবস্থায় এদিন বাইরে অভিষেকের সমর্থকরা স্লোগান দিতে থাকেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। তোমার নেতা আমার নেতা সবার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।” এমনকি আজ অগ্রিমিত্রা পাল এ নিয়ে মন্তব্য করেছেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) দেশবাসীকে ফের বার্তা প্রধানমন্ত্রীর

এবার সোনা কেনার পাশাপাশি বিদেশ ভ্রমণ নিয়ে দেশবাসীকে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ভারতের আর্থিক বৃদ্ধির হার ৭.৮% হওয়ায় দেশবাসীর উদ্দেশ্যে ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, বিদেশ ভ্রমণের ক্ষেত্রে দেশের অর্থ বাইরে চলে যায়। এর ফলে উপকৃত হন বাইরের দেশের ব্যবসায়ীরা। তাই ভারতীয়রা যদি দেশের মধ্যে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে ঘুরতে যান এবং সেখানকার হোটেলে বসবাস করেন, তবে দেশের অর্থ দেশের মধ্যেই থাকবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) গড়িয়াহাটে ৬ মাসের শিশুকে অপহরণে গ্রেফতার ৩

২৪ ঘণ্টার মধ্যে অপহৃত ৬ মাসের শিশুকে উদ্ধার করল বেনিয়াপুকুর থানার পুলিশ। ইতিমধ্যে এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এমনকি ধৃতদের মধ্যে দুই মহিলা রয়েছে। জানা গিয়েছে, গড়িয়াহাট উড়ালপুলের নিচে স্বামী এবং ৬ মাসের শিশুকে নিয়ে থাকতেন আজমির মোল্লা। কয়েকদিন আগে বছর ৩৫-র এক অজ্ঞাতপরিচয় মহিলার সঙ্গে তাঁর পরিচয় হয়। ওই মহিলা নিয়মিত তাঁর সঙ্গে সময় কাটাতেন। তবে গত রবিবার ট্যাক্সিতে তুলে অপহরণ করা হয় ওই শিশুকে। তারপর থানায় অভিযোগ দায়ের করা হলে ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশের এই সাফল্য। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন