নিম্নচাপের চোখরাঙানিতে দক্ষিণবঙ্গের ৩ জেলায় লাল সতর্কতা, আগামীকালের আবহাওয়া

Published:

Weather Tomorrow

প্রীতি পোদ্দার, কলকাতা: শ্রাবণের শেষ মুখে এসেও অঝোরে হয়েই চলেছে বৃষ্টি। সুষ্পষ্ট নিম্নচাপের কারণে দিন রাত বৃষ্টি হয়েই চলেছে কলকাতা (Kolkata) এবং শহরতলিতে। কোথাও ঝিরঝিরে বৃষ্টি তো কোথাও আবার ঝমঝমিয়ে নামছে বৃষ্টি। যদিও এখনই বৃষ্টির হাত থেকে নিস্তার নেই রাজ্যবাসীর। হাওয়া অফিস জানিয়েছে, আগামীকালও (Weather Tomorrow) নিম্নচাপের কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এমনকি উত্তরবঙ্গের (North Bengal) একাধিক জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চলটি যত সময় এগোচ্ছে ততই আরও সুস্পষ্ট হচ্ছে। তার উপর বর্ষাকালীন অক্ষরেখা পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড হয়ে নিম্নচাপ অঞ্চলটির উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে আগামীকালও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে, যার বেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে। যার প্রভাবে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই তিন জেলায় দক্ষিণবঙ্গের তিন জেলায় প্রবল দুর্যোগের লাল সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়াও, হাওড়া, হুগলি, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বাদ যাবে না কলকাতা, উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া।

আরও পড়ুন: ৪ হাজার কোটির স্টিল প্ল্যান্ট থেকে JICA-র জল প্রকল্প, পুরুলিয়াকে বড় উপহার মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার, ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং কালিম্পঙে এছাড়াও আলিপুরদুয়ার, দার্জিলিঙেও ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, কোচবিহারের মতো উত্তরের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।