সহেলি মিত্র, কলকাতা: তীব্র দহনজ্বালায় পুড়ছে বাংলা। একটু বাড়ি থেকে বেরোলেই যেন শরীর নির্জীব হয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গবাসীর। কবে একটু আবহাওয়ার উন্নতি হবে? কবে একটু ভারী বৃষ্টি হবে বাংলায়, সেই অপেক্ষায় দিন গুনছেন সকলে। যদিও আজ সোমবার ও আগামী কয়েকদিন বাংলার আবহাওয়া (Weather Today) কেমন থাকবে তা নিয়ে আপডেট জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রপাতের মাত্রা বৃদ্ধি পেতে পারে। তবে পশ্চিমের কয়েকটি জেলায় খুব গরম এবং আর্দ্র আবহাওয়া অবস্থার সৃষ্টি হতে পারে। এদিকে আবার আবহাওয়া অফিস সূত্রে খবর, মে মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই বিষয়টির উপরেও সকলে নজর রাখছেন বলে খবর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, সোমবার বজ্রবিদ্যুৎসহ ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সর্তকতা। গরম থাকতে পারে তার জন্য বিশেষ সর্তকতা জারি করা হয়েছে পুরুলিয়া,বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায়।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে গরম থাকলেও আপাতত উত্তরবঙ্গে জেলাগুলিতে বাড়ি থেকে অতি ভারী বর্ষণের জন্য কমলা সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া অফিস। আজ যেমন ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার জেলায়। এছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায়।
আগামীকালের আবহাওয়া
মঙ্গলবার আবহাওয়া কেমন থাকবে? হাওয়া অফিসের মতে, এদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। এছাড়া উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও চলবে দুর্যোগ। দক্ষিণবঙ্গের জেলাগুলির কথা বললে এদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়।
আরও পড়ুন: রংধনু অতীত! রাজ্যে স্কুলের পাঠ্য বইয়ে ফিরছে রামধনু, থাকবে না পানি, গোসলের মতো শব্দও
এদিকে মাসের শেষে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা। ৩০ শে মে থেকে ১লা জুনের মধ্যে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ প্রাথমিকভাবে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হলেও পরবর্তীকালে তা কোন দিকে অগ্রসর হবে তা এখনই সুস্পষ্ট নয়।










