বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যবাসীর স্বার্থে একের পর এক কাজ করছে শুভেন্দু অধিকারীর সরকার (Government Of West Bengal)। এবার রাজ্যের স্কুল পাঠ্যতে বড় বদলের পথে বিজেপি সরকার। জানা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে এতদিন যেখানে স্কুলের পাঠ্য বইতে রংধনু শব্দের ব্যবহার হচ্ছিল, এবার থেকে আর সেটা হবে না। বরং ওই রংধনুর পরিবর্তে পাঠ্য বইয়ে জায়গা পেতে চলেছে আদিম শব্দ রামধনু। এখানেই শেষ নয়, বাংলার স্কুলের পাঠ্য বইতে আরবি শব্দের ব্যবহারেও লাগাম টানতে চাইছে রাজ্য সরকার।
পূর্বতন সরকারের নেওয়া সিদ্ধান্ত ধোপে টিকল না!
কমবেশি অনেকেই জানেন, 2017 সাল নাগাদ তৎকালীন তৃণমূল কংগ্রেসের সরকার সিদ্ধান্ত নিয়েছিল, পশ্চিমবঙ্গের স্কুলগুলির পাঠ্য বইয়ে রামধনু শব্দের ব্যবহার হবে না। এর বদলে ব্যবহার হবে রংধনু। এ নিয়ে এক অদ্ভুত যুক্তি দেখিয়েছিল রাজ্যের প্রাক্তন শাসক দল। বলা হয়েছিল, রামধনু শব্দটির মধ্যে রাম শব্দ রয়েছে। এই শব্দ ব্যবহার করলে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতিতে আঘাত আসতে পারে। নষ্ট হতে পারে সেই মেলবন্ধন। তাই রামধনুর বদলে ব্যবহার করতে হবে রংধনু শব্দ।
সেবার, এমন যুক্তিকে সামনে রেখেই রাজ্যের স্কুলগুলির পাঠ্য বই থেকে রামধনু শব্দটি পুরোপুরি বাদ দিয়ে দেয় তৃণমূল সরকার। যা নিয়ে বারবার তৈরি হয়েছে বিতর্ক। তবে এবারের বিধানসভা নির্বাচনে নাকের জলে চোখের জলে হতেই বিদায় নিয়েছে তৃণমূল। পরিবর্তে বাংলায় এসেছে ভারতীয় জনতা পার্টির সরকার। 25 বৈশাখ, রবীন্দ্র জয়ন্তীর দিনে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। আর তারপরেই এবার প্রশাসনিক উদ্যোগে বাংলার পাঠ্য বইয়ে ফিরছে রামধনু শব্দ। এছাড়াও আরবি শব্দের ব্যবহারে রাশ টানার সিদ্ধান্তও নেওয়া হয়েছে ইতিমধ্যেই।
অবশ্যই পড়ুন: শহর থেকে পাঠানো হবে গ্রামের স্কুলে? শিক্ষকদের বদলি নিয়ে ভাবছে রাজ্য সরকার
প্রসঙ্গত, এ নিয়ে রাজ্য বিজেপির এক শীর্ষ কর্তা জানিয়েছেন, রাজ্যে অন্যায্য কাজ বরদাস্ত করা হবে না! রামধনুর জায়গায় জোর করে রংধনু ব্যবহার করা যাবে না। একইভাবে অযথা আরবি শব্দের ব্যবহারের কোনও প্রয়োজন নেই। পাঠ্য বইয়ে যে শব্দ ব্যবহার করা উচিত সেই শব্দই ব্যবহার হবে। ওই বিজেপি নেতা এও বলেন, রাজ্যের পাঠ্য বইয়ে অনেক ক্ষেত্রেই পানি, গোসল এমনকি সাবেক শব্দের উল্লেখ রয়েছে।। এবার থেকে বই প্রকাশের সময় এইসব শব্দ নিয়ে যথেষ্ট সতর্ক থাকবে বিজেপি সরকার।










