ফের দুয়ারে নিম্নচাপ! কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৭ জেলায় বৃষ্টি, আজকের আবহাওয়া

Published:

Weather Today

সহেলি মিত্র, কলকাতা: আবারও বাংলার দুয়ারে এসে হাজির হল নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো (Weather Today) হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও লাগোয়া পশ্চিমবঙ্গ-উত্তর ওড়িশার উপকূলে নিম্নচাপের এলাকা গঠনের সম্ভাবনা রয়েছে। যার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গে ধেয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টি। যার সূচনা শুক্রবার থেকেই যে হয়ে গেছে তা বলাই বাহুল্য। আজ শনিবার সকাল থেকে যথারীতি আকাশে কালো মেঘের ঘনঘটা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

তৈরী হতে চলা সম্ভাব্য নিম্নচাপের প্রভাবে আজ থেকে নতুন করে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। বৃষ্টির পাশাপাশি উল্লেখিত জেলাগুলিতে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাসও রয়েছে। বাদবাকি জেলাগুলিতেও ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ  বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ ১১ কিউসেক জল ছেড়েছে ফারাক্কা, ভয়ঙ্কর ভাবে বাড়ছে জলস্তর, বন্যার আশঙ্কায় মাইকিং

সমগ্র আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে বললে, উচ্চ বায়ুমণ্ডলে একটি দুর্বল ঘূর্ণাবর্ত উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বাংলাদেশ উপকূলের উপর অবস্থান করছে এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৬.৭ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং উচ্চতার সঙ্গে এটি দক্ষিণ-পশ্চিম দিকে হেলে রয়েছে। এর প্রভাবে, ২৯ আগস্ট নাগাদ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম-মধ্য ওড়িশা উপকূলের উপর একটি নিম্নচাপ এলাকা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে সমুদ্রপৃষ্ঠে মৌসুমি অক্ষরেখা বর্তমানে অনুপস্থিত, দেরাদুন, খেরি, উত্তর-পূর্ব উত্তরপ্রদেশ ও পার্শ্ববর্তী অঞ্চলের উপর অবস্থিত নিম্নচাপ এলাকার কেন্দ্র, মধুপুর, বাঁকুড়া হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে দক্ষিণ-পূর্বমুখী হয়ে বিস্তৃত রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। দক্ষিণবঙ্গের পাশাপাশি এদিন উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে বলে খবর। হাওয়া অফিস, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় এদিন ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। সেইসঙ্গে বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পঙ, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।

আগামীকালের আবহাওয়া

রবিবার ছুটির দিন কেমন থাকবে সমগ্র বাংলার আবহাওয়া? আলিপুরের পূর্বাভাস বলছে, এদিন আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। এছাড়া ভাই বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, বাঁকুড়া,  কলকাতা জেলায়। উত্তরবঙ্গের কথা বললে, এদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি সহ প্রতিটি জেলাতেই।