প্রীতি পোদ্দার, কলকাতা: চৈত্রের মাঝের দিকে টানা কয়েকদিন কালবৈশাখী এবং বৃষ্টি হওয়ার কারণে আবহাওয়া বেশ অনেকটাই ঠান্ডা ছিল কিন্তু চৈত্রের শেষদিনে রীতিমতো যেন আগুনঝড়া গরম রাজ্যজুড়ে। বাইরে বেরোলেই রোদের তেজ এতটাই বেশি ঠেকছে যে শরীফ খারাপ হচ্ছে অনেকের। এইমুহুর্তে আপাতত গরম (Weather Tomorrow) কমার কোনও সম্ভাবনা নেই, বরং তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের (South Bengal) বহু জেলায়। এমনকি আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
বৈশাখের শুরু থেকেই গরমের প্রকোপ বাড়তে চলেছে রাজ্য জুড়ে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ঝাড়খণ্ড ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ০.৯ কিমি উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত দানা বাঁধছে। এর পাশাপাশি দক্ষিণ অসম থেকে দক্ষিণ তামিলনাড়ু পর্যন্ত একটি উত্তর-দক্ষিণ অক্ষরেখাও বিস্তৃত রয়েছে। আর এই দুইয়ের প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় তীব্র গরমের সম্ভাবনা তৈরি হয়েছে। পশ্চিমাঞ্চলে এর প্রভাব সবচেয়ে বেশি পড়তে চলেছে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বুধবার পয়লা বৈশাখের দিন গরমের দাপট বাড়বে দক্ষিণবঙ্গে। সকাল থেকেই তাপপ্রবাহ দেখা যাবে। তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে। কলকাতার তাপমাত্রা পৌঁছতে পারে ৩৭ ডিগ্রির ঘরে এবং পশ্চিমাঞ্চলের পারদ ৪০ ডিগ্রি পেরোতে পারে। তবে এই পরিস্থিতির মাঝেই আগামীকাল থেকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান-সহ বেশ কিছু জায়গায়। তার সঙ্গে বইতে পারে ৩০-৪০ কিমি বেগে ঝড়।
আরও পড়ুন: ১০০০ ইঞ্জিনিয়ারকে প্রশিক্ষণ দিচ্ছে জাপান! প্রস্তুতি তুঙ্গে দেশের প্রথম বুলেট ট্রেন নিয়ে
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মত এত গরম উত্তরবঙ্গে না পড়লেও, ধীরে ধীরে উত্তরবঙ্গের জেলাগুলিতেও এবার তাপমাত্রা বাড়বে। তবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে উপরের দিকের জেলাগুলিতে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। তার সঙ্গে বইবে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। নিচু এলাকায় উষ্ণ এবং শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।










