সহেলি মিত্র, কলকাতাঃ অক্ষরে অক্ষরে মিলে গেল আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Today)। তৈরি হল নিম্নচাপ। আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলের ওপর নিম্নচাপ এলাকা অবস্থান করছে বর্তমানে। আর এই নিম্নচাপের সৌজন্যে বাংলায় নতুন করে ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। কলকাতা সহ জেলায় জেলায় আজ রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আগামী সোমবার অবধি বাংলাজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
নিম্নচাপের প্রভাবে রীতিমতো ভাসবে দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায়। এরপর ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, কলকাতা, হুগলী, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায়। বৃষ্টির পাশাপাশি উল্লেখিত জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে।
সমগ্র আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে বললে, ঊর্ধ্ব-বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলের ওপর একটি নিম্নচাপ এলাকা সৃষ্টি হয়েছে। এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা থেকে প্রায় ৭.৬ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী কয়েক ঘণ্টায় এটি আরও শক্তিশালী হয়ে উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতায় বর্তমানে মৌসুমি অক্ষরেখাটি অমৃতসর, নাজিবাবাদ, হারদেই, সুলতানপুর, ডালটনগঞ্জ, পুরুলিয়া, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর ওড়িশা উপকূলের ওপর অবস্থানরত নিম্নচাপ এলাকার কেন্দ্রের মধ্য দিয়ে অগ্রসর হয়ে সেখান থেকে দক্ষিণ-পূর্ব দিকে মধ্য-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে বললে, এদিন শুধুমাত্র জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির অ্যালার্ট জারি করা হয়েছে।
আরও পড়ুনঃ কলকাতায় নয়া চমক, শীঘ্রই গঙ্গায় নামবে দেশের প্রথম ব্যাটারিচালিত যাত্রীবাহী ভেসেল
আগামীকালের আবহাওয়া
সোমবারের আবহাওয়া সম্পর্কে বললে, এদিন দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের কথা বললে, এদিন ভারী বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়।










