কলকাতায় নয়া চমক, শীঘ্রই গঙ্গায় নামবে দেশের প্রথম ব্যাটারিচালিত যাত্রীবাহী ভেসেল

Published:

Passenger Vessel

প্রীতি পোদ্দার, কলকাতা: জলপথ পরিবহণে নজির গড়ল বাংলা। পর্যটক এবং সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখে, দেশের মধ্যে প্রথম ব্যাটারিচালিত যাত্রীবাহী ভেসেলের (Passenger Vessel) দরপত্র তুলে দেওয়া হল গার্ডেনরিচ শিপ বিল্ডার্সকে। মূলত গঙ্গার (Ganga) জলপথকে আরও পরিবেশবান্ধব ও আধুনিক করে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গিয়েছে, আজ, শনিবার এই দরপত্রের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ (Shankar Ghosh)। শীঘ্রই কাজ শুরু হতে চলেছে গার্ডেনরিচে।

ব্যাটারিচালিত ভেসেল চলবে গঙ্গায়

রাজ্যে ওয়াটার মেট্রোর ঘোষণা আগেই করেছিল বিজেপি সরকার। জলপথে যাতায়াতের জন্য অত্যন্ত আধুনিক এই পরিকল্পনা একদিকে যেমন পরিবেশবান্ধব গণপরিবহণ ঠিক তেমনই আবার দ্রুত, নিরাপদ ও আরামদায়ক যাত্রার জন্য খুবই ভালো। আর এবার সেই পরিষেবা আরও উন্নততর করে তুলতে এবং যাত্রী স্বাচ্ছন্দ্য বজায় রাখতে যাত্রীবাহী ব্যাটারিচালিত ভেসেল আবার পরিকল্পনা নিল বিজেপি সরকার। সূত্রের খবর, আজ, শনিবার, দেশের মধ্যে প্রথম ব্যাটারিচালিত যাত্রীবাহী ভেসেলের জন্য দরপত্র তুলে দেওয়া হল গার্ডেনরিচ শিপ বিল্ডার্সকে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ, শিপ বিল্ডার্সের আধিকারিক পি আর হরি, মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী এবং বরুণ রায়।

কী বলছেন পর্যটন মন্ত্রী?

মন্ত্রী শঙ্কর ঘোষ এদিন বলেন, “কেন্দ্র ও রাজ্যের উদ্যোগে অধরা কাজ শেষ করতে চাই। প্রধানমন্ত্রী দিক নির্দেশ করেছেন। সবুজ পরিবেশ বান্ধব পরিবহনে জোর দেওয়া হচ্ছে। এছাড়াও বেলুড়, দক্ষিণেশ্বর ধর্মীয় স্থানে এই ওয়াটার ওয়ে ট্রান্সপোর্ট ব্যবহার করতে চাই।” জানা গিয়েছে, ২১ কোটি টাকা খরচ হবে একটি ভেসেল তৈরিতে। সবমিলিয়ে মোট ৪২ কোটি টাকা খরচের হিসাবে রাখা হচ্ছে। পাশাপাশি প্রত্যেকটি ভেসেলে একশো যাত্রী চলাচল করতে পারবেন। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সংখ্যা নির্ধারণ হয়েছে। প্রশাসন সূত্রের খবর, আগামী ১৫ মাসের মধ্যে এই দুই জলযান গঙ্গায় নামবে।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পাস, BBA-MBA ডিগ্রি ভুয়ো’ অভিষেকের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন

এদিকে পরিবেশ সুরক্ষার কথা মাথায় রেখে ব্যাটারিচালিত ভেসেল চালু করার উদ্যোগ নিলেও মহাবিপদে পড়েছে লঞ্চ ও ভটভটির মালিকেরা। কারণ গঙ্গায় পর্যটক ও সাধারণ যাত্রীদের চলাচলের জন্য লঞ্চ ও ভটভটি চলে আসছে বরাবর। সেক্ষেত্রে ভেসেল চালু হলে আগামীতে ভটভটির দিন শেষ হবে কিনা সেই নিয়ে জোর চর্চাও শুরু হয়েছে। যদিও এখনও সেই নিয়ে প্রশাসনের তরফে কোনও মন্তব্য করা হয়নি।