বিদেশে যাওয়ার স্বপ্ন ভাঙবে অভিষেকের? হাইকোর্টে পাল্টা চাল রাজ্য সরকারের

Published:

Abhishek Banerjee

প্রীতি পোদ্দার, কলকাতা: মহা বিপাকে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)…ব্ল্যাঙ্কেট রক্ষাকবচ নিয়ে ডায়মন্ড হারবারের সাংসদের বিদেশযাত্রায় এবার অনীহা প্রকাশ করল রাজ্য সরকার (Government Of West Bengal)। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে রক্ষাকবচ দেওয়া হয়েছে, সেটাও প্রত্যাহার করার লিখিত আবেদন আদালতের কাছে জমা করল রাজ্য। তবে কি বৃথা যাবে সুপ্রিম কোর্টের নির্দেশ? শেষ মুহূর্তে এসে বিদেশে যাওয়া পন্ড হবে অভিষেকের (Abhishek Banerjee Foreign Trip)?

বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট

চোখের চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি নিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনেক কাঠখড় পড়াতে হয়েছিল। প্রথমে কলকাতা হাইকোর্ট, সেখান থেকে সুপ্রিম কোর্ট ৷ শীর্ষ আদালত থেকে ফের হাইকোর্ট হয়ে পুনরায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অবশেষে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহানার বেঞ্চ তিন সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু তার মাঝেই নয়া বিড়ম্বনায় পড়লেন অভিষেক। সুপ্রিম কোর্ট বিদেশযাত্রায় অনুমতি দিলেও, রক্ষাকবচ মামলায় অভিষেকের বিরুদ্ধে হাইকোর্টে এবার নয়া আবেদন করল রাজ্য সরকার।

অভিষেকের বিরুদ্ধে পাল্টা চাল চাললো রাজ্য

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, সব FIR থেকে রক্ষাকবচ চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কটা মামলা করেছিলেন সেই সমস্ত মামলাকে কেন্দ্র করে লিখিতভাবে অবস্থান জানাল রাজ্য। ব্ল্যাঙ্কেট রক্ষাকবচ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় অনীহা প্রকাশ করল শুভেন্দু অধিকারী সরকার। আবেদনে তারা জানিয়েছে যে “প্রতিটা FIR কেস ডায়েরি দেখেই যেন আদালত রক্ষাকবচ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়। আবেদনকারীর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ তথ্য গোপন রয়েছে এবং বিভিন্ন মন্তব্যে বিতর্ক রয়েছে। একতরফা বিবরণের উপর ভিত্তি করে তৈরি হওয়া আবেদন মোটেই ‘ক্লিন হ্যান্ডস’ নন। সেই কারণে এই রক্ষাকবচ প্রত্যাহার করা হোক।”

আরও পড়ুন: “দেশবিরোধী স্লোগান উঠলে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ হবে” যাদবপুর কাণ্ডে হুঁশিয়ারি দিলীপ ঘোষের

প্রসঙ্গত, অভিষেকের রক্ষাকবচ মামলায় আগামী ২৫ অগাস্ট হাইকোর্টের রায় দেওয়ার কথা। এদিকে সেই নির্দেশের আগেই জমা পড়ল রাজ্যের বিরোধিতার লিখিত আবেদন। তাই স্বাভাবিকভাবেই এই রায়ের উপর বিদেশ যাত্রার অনুমতি নির্ভর করছে বলে মনে করছে অনেকেই। তবে সবটাই এখন অনুমান।অন্যদিকে শালবনী জমি কেলেঙ্কারি এবং ডেবরা চাকরি দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট, অর্থাৎ আগামী শুনানি না হওয়া পর্যন্ত এই রক্ষাকবচ বহাল থাকবে বলেই জানিয়েছে শীর্ষ আদালত। তবে তদন্তের গতিপ্রকৃতি জানিয়ে মুখবন্ধ খামে রিপোর্ট রাজ্যকে জমা দিতে হবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।