প্রীতি পোদ্দার, কলকাতা: সমাজমাধ্যমে উস্কানিমূলক মন্তব্যের জেরে বিপাকে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) ! এবার FIR খারিজের আবেদন জানাতে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন অভিনেতা। জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টের গরমের ছুটির অবকাশকালীন বেঞ্চের কাছে আবেদন জমা পড়েছে। সম্ভবত আগামী শুক্রবার তাঁর মামলার শুনানি হতে পারে অবকাশকালীন বেঞ্চে।
উস্কানিমূলক মন্তব্য পরমব্রতর!
পাঁচ বছর আগে, ২০২১ এর বিধানসভা নির্বাচনের পরে সমাজমাধ্যমে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায়ের দু’টি মন্তব্য ঘিরে সমাজমাধ্যমে তুমুল বিতর্ক শুরু হয়েছিল। ২০২১ সালের ২ মে নির্বাচনের ফল প্রকাশের দিন নিজের সমাজমাধ্যমে একটি পোস্ট করে পরমব্রত লিখেছিলেন, ‘আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক’। আর সেই পোস্টে সহমত প্রেরণ করেছিলেন স্বস্তিকা। তাতেই ঘটে বিপত্তি। সেই বিতর্কিত মন্তব্যকে টার্গেট করে ভোট পরবর্তী হিংসার ঘটনার অভিযোগ তোলেন আইনজীবী জয়দীপ সেন নামে এক ব্যক্তি।
হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
অভিযোগকারী আইনজীবীর অভিযোগ, ওই মন্তব্যের মাধ্যমে ভোট-পরবর্তী হিংসায় উসকানি দিয়েছিলেন পরমব্রত ও স্বস্তিকা। এবং এই মন্তব্য রাজ্যের পরিবেশকে উত্তপ্ত করেছিল বলেও দাবি তুলে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেছিলেন। পুলিশ পরে সেটাকে জামিন অযোগ্য ধারায় ভারতীয় দণ্ডবিধির ১০৯(প্ররোচনা) ও ১৫৩এ (ঘৃনা ছড়ানো) ধারায় FIR দায়ের করেছিল। পরে সেই মামলায় পরমব্রত এবং স্বস্তিকাকে তলবও করা হলে শুধুমাত্র স্বস্তিকা থানায় হাজিরা দিয়েছিল, তবে পরমব্রত সেই তলব এড়িয়ে গিয়েছিলেন। তাই এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। এখন দেখার আদালতের রায় কোন দিকে মোড় নেয়।
আরও পড়ুন: ভিন রাজ্যে পালিয়েও হল না শেষ রক্ষা, গ্রেফতার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
প্রসঙ্গত, কিছুদিন আগেই টলিউডের এক সাংগঠনিক বুথে অতীতের এক বিতর্কিত অধ্যায় নিয়ে মুখ খুলে চর্চার কেন্দ্রে উঠে এসেছিলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। কয়েক মাস আগে ফেডারেশনের সঙ্গে সংঘাতের জেরে প্রকাশ্যে ক্ষমা চাওয়া নিয়ে তিনি জানিয়েছিলেন সদ্যজাত সন্তানের মুখের দিকে তাকিয়ে বাধ্য হয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন। আর তাই নিয়ে রীতিমত একের পর এক বিতর্ক তৈরি হয়েছিল। উল্লেখ্য, রাজনৈতিক পালাবদলের পর ইন্ডাস্ট্রির ভেতরের সমীকরণ যে দ্রুত বদলাচ্ছে, তারই স্পষ্ট ছবি ইদানিং দেখা যাচ্ছে টেকনিশিয়ান্স স্টুডিওতে।










