সৌভিক মুখার্জী, কলকাতা: কলকাতার রাস্তায় আর চলবে না সিন্ডিকেট রাজ। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরেই যেন একের পর এক সিদ্ধান্তে ভোল বদলে যাচ্ছে। রাজ্যের নবনির্বাচিত পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) এবার বড়সড় ঘোষণা করলেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, কলকাতা শহরের মেন রোড থেকে অলিগলি, সব জায়গায় রাস্তার দু’পাশে যে অবৈধ পার্কিংয়ের (Illegal Parking) দাপট চলে তা চিরতরে বন্ধ করা হবে। যার কারণে নিত্য যানজট অনেকটাই কমবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে।
অবৈধ পার্কিং বন্ধের নির্দেশ
আসলে কলকাতার রাস্তায় পার্কিং জট দীর্ঘদিনের সমস্যা ছিল। অলিগুলি থেকে শুরু করে মেন রোড, রাস্তার দু’পাশে যে যার মতো গাড়ি পার্কিং করে রেখে দিত। এবার তাতেই লাগাম টানলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে তিনি স্পষ্ট করে বলেছেন যে, পার্কিংয়ের নামে আর সিন্ডিকেট চলবে না। জোর জবরদস্তি করে জায়গা দখল করে রাখা চলবে না।
আসলে এতদিন যাবত কলকাতা রাস্তায় গাড়ি দাঁড় করালে এক শ্রেণীর যুবক হাতে স্লিপ নিয়ে ছুটে আসতো। তারা অবৈধভাবে এর মাধ্যমে তোলা আদায় করত, যেগুলি সরকারের কোষাগারে পর্যন্ত পৌঁছতে না বলেই দাবি করা হতো। যদিও তার কোনও সত্যতা নেই যে সেই টাকা আদৌ কোথায় যেত। তবে এবার সেই মাফিয়ারাজ বা সিন্ডিকেট দমন করার জন্যই মন্ত্রীর বড়সড় পদক্ষেপ। তিনি স্পষ্ট জানিয়েছেন, রাস্তার দু’পাশেই অবৈধ পার্কিং বন্ধ করতে হবে। যে সমস্ত জায়গায় শুধুমাত্র পার্কিংয়ে স্লিপ দিয়ে টাকা তোলা হয়, কিন্তু রাজ্যের রাজস্বের দপ্তরে আসে না, সেগুলি বন্ধ। আর পার্কিংয়ের জন্য মানুষের হাঁটাচলার ক্ষেত্রে যাতে কোনও রকম অসুবিধা না হয়, তার ব্যবস্থা করতে হবে।
আরও পড়ুন: এক ট্রেনেই হাওড়া থেকে নৈনিতাল, বদলে যাচ্ছে সেই বাঘ এক্সপ্রেস, মিলবে অত্যাধুনিক সুবিধা
মন্ত্রীর সংযোজন, কোনও রাস্তার দু’পাশে একসঙ্গে গাড়ি রাখা যাবে না। একদিকে পার্কিং করতে হবে। যেদিকে পার্কিং করার অনুমতি নেই সেদিকে কোনওভাবেই গাড়ি রাখা চলবে না। যদি গাড়ি রাখা হয়, তাহলে প্রশাসন তৎক্ষণাৎ পদক্ষেপ নেবে। পথচারীদের যাতায়াতে যদি কোনও সমস্যা হয়, তাহলে সেই পার্কিং বাতিল করে দেওয়া হবে। ইচ্ছা মতো টাকা আদায় করার দিন শেষ। নির্ধারিত হারের বাইরে কেউ অতিরিক্ত এক পয়সা আদায় করতে পারবে না।










