সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার এক সাব ইন্সপেক্টর

Published:

Salt Lake

সৌভিক মুখার্জী, কলকাতা: কলকাতায় তরুণীকে ধর্ষণের অভিযোগ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। ইতিমধ্যেই ওই সাব ইন্সপেক্টরকে গ্রেফতার করেছে পুলিশ। সল্টলেকের (Salt Lake) এক গেস্ট হাউসে ঘটে এই ভয়ঙ্কর ঘটনা। আজ ধৃত সাব ইন্সপেক্টরকে বিধাননগর আদালতে তোলার কথা। তবে এই ঘটনায় প্রশাসনিক মহলে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য এবং উঠছে নিরাপত্তার প্রশ্ন।

পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সল্টলেকের একটি গেস্ট হাউসে এক তরুণীকে ধর্ষণ করে বীরভূমের নলহাটি থানার এক সাব ইন্সপেক্টর। ধৃত ওই সাব ইন্সপেক্টরের নাম আজমল হক। এমনকি ওই তরুণীকে ধর্ষণের পাশাপাশি জোর করে আটকে রাখা সহ একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে তাঁর বিরুদ্ধে। সেই সূত্র ধরেই মুম্বাই থেকে তাঁকে গ্রেফতার করেছে বিধাননগর থানার পুলিশ। ইতিমধ্যেই তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। পাশাপাশি তথ্য প্রমাণের চেষ্টা চালানো হচ্ছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

গত জুন মাসে ওই তরুণী বিধাননগর পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ ছিল, সল্টলেকের সি এল ব্লকের একটি গেস্ট হাউসে তাঁকে ধর্ষণ করেছিল বীরভূমের নলহাটি থানায় কর্মরত ওই সাব ইন্সপেক্টর আজমল হক। তারপরই তদন্ত শুরু করে পুলিশ। তবে প্রথমে ধর্ষণের মামলায় জামিন নেয় ওই সাব ইন্সপেক্টর। পরে বীরভূম জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ শুরু করে বিধাননগর থানার পুলিশ। তবে দীর্ঘদিন ধরে তাঁর কোনও খোঁজ না মেলায় বাইরের রাজ্যেও চালানো হয় তল্লাশি। শেষমেষ গতকাল মুম্বাই থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: ভয়াবহ অগ্নিকাণ্ডের পর কড়াকড়ি, তারাপীঠে বন্ধ হল ১৫ হোটেল

প্রথমে ওই ধৃতকে মুম্বাই আদালতে তোলা হয়। তারপর সেখানকার বিচারপতির রায় অনুযায়ী ট্রানজিট রিমান্ডের মাধ্যমে কলকাতায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে তাঁকে। আজ ধৃতকে বিধাননগর আদালতে তোলা হবে বলেই খবর। সেখানে তাঁকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হতে পারে। তবে এই গোটা ঘটনার তল্লাশি চলছে। এমনকি তাঁর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।