🎓 মাধ্যমিক রেজাল্ট দেখতে ক্লিক করুন
Click Now

বাংলায় আসছেন অমিত শাহ, আজই মুখ্যমন্ত্রী পদে চূড়ান্ত নাম ঘোষণা

Published:

Amit Shah

প্রীতি পোদ্দার, কলকাতা: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রথমবার বঙ্গ জয়ের লক্ষ্য পূরণ করল বিজেপি। বিপুল আসনে জয়ী হয়ে বঙ্গ রাজনীতির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে গেরুয়া শিবির (Bharatiya Janata Party)। জানা গিয়েছে অজস্র জল্পনার অবসান ঘটিয়ে আজই নির্ধারিত হতে চলেছে বাংলার নতুন মুখ্যমন্ত্রীর নাম। জানা গিয়েছে নিউ টাউনে শুক্রবার বিকেলে বিজেপির নবনির্বাচিত হবু বিধায়কদের নিয়ে বৈঠক করবেন অমিত শাহ (Amit Shah)। আর সেখানেই আলোচনার মাধ্যমে বেছে নেওয়া হবে বিধানসভার পরিষদীয় দলনেতা অর্থাৎ পরবর্তী মুখ্যমন্ত্রী (West Bengal BJP CM)।

কলকাতায় অমিত শাহ

রিপোর্ট অনুযায়ী, আজ, শুক্রবার, সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় এসে নিউ টাউনের একটি হোটেলে থাকবেন। এরপর সেখান থেকে চলে যাবেন নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। বিকেল ৩টে থেকে ৫টা পর্যন্ত সেখানে বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করা হবে। অমিত শাহের পাশাপাশি এই বৈঠকে সহকারী পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। এছাড়াও হাজির থাকবেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, সুনীল বনসল, অমিতাভ চক্রবর্তী প্রমুখ। অর্থাৎ আজই, এই বৈঠকেই আলোচনার মাধ্যমে পরিষদীয় দলনেতা তথা নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে।

শনিবার ব্রিগেডে শপথ নেবে গোটা মন্ত্রিসভা

জানা গিয়েছে কেন্দ্রীয় বৈঠকের পরই আজ মন্ত্রিসভা চূড়ান্ত হয়ে গেলে সন্ধ্যায় হবু বিধায়কদের নিয়ে রাজভবনে যাবেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী। এবং সেখানে রাজ্যপালের কাছে সরকার গঠনের আনুষ্ঠানিক আবেদন জানানো হবে। এরপর আগামীকাল, শনিবারই ব্রিগেডে শপথ নেবে গোটা মন্ত্রিসভা। আর এই গোটা ইভেন্টের সাক্ষী থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এবং দেশের সব বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। সবমিলিয়ে তাই বঙ্গ রাজনীতি নিয়ে উত্তেজনা বেশ সরগরম।

আরও পড়ুন: প্রকাশিত হচ্ছে মাধ্যমিকের ফলাফল, এক ক্লিকেই WhatsApp-এ পান রেজাল্ট

প্রসঙ্গত, নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কার নাম ঘোষণা করা হবে, তা নিয়ে বিজেপির অন্দরে বিস্তর জল্পনা এবং আলোচনা চলছে। আর সেই জল্পনার তালিকায় প্রথমেই উঠে আসছে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর নাম। কারণ শুভেন্দু অধিকারী পর পর দু’বার নির্বাচনে রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করেছেন। তাই এক্ষেত্রে তিনিও যে মুখ্যমন্ত্রী হওয়ার ভূমিকা পালন করতে পারে এমনটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। এছাড়াও তালিকায় উঠে আসছে দিলীপ ঘোষ এবং শমীক ভট্টাচার্যের নাম। স্বাভাবিকভাবেই এখন সারা বাংলার নজর বিকেলের সেই বৈঠকের দিকেই, যেখান থেকে সিদ্ধান্ত নেওয়া হবে আগামী ৫ বছরের জন্য মুখ্যমন্ত্রীর সিংহাসনে কে বসতে চলেছেন।