অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে এবার ‘ডিম থেরাপি’ শুরু মহিলাদের, তুলকালাম পূর্বস্থলীতে

Published:

Annapurna Bhandar

সৌভিক মুখার্জী, কলকাতা: ৭ তারিখ হয়ে গেলেও এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারের (Annapurna Bhandar) টাকা অ্যাকাউন্টে ঢোকেনি। বিক্ষোভে উত্তাল রাজ্যের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ। সেই ক্ষোভে এবার বিডিও অফিসের বন্ধ ঘরের দরজা লক্ষ্য করে ছোঁড়া হল ডিম। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ১ জুলাই রাজ্যের ১ কোটি ৯ লক্ষের বেশি মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকেছে। কিন্তু তা সত্ত্বেও অনেকের অভিযোগ যে এখনও পর্যন্ত অ্যাকাউন্টে কানাকড়ির দেখা মেলেনি।

অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে রাজ্যজুড়ে বিক্ষোভ

মঙ্গলবার দুপুরে পূর্বস্থলী ১ নম্বর বিডিও অফিসের সামনে বিক্ষোভে নামেন স্থানীয় মহিলারা। তাদের একটাই দাবি, ৭ তারিখ হয়ে যাওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা অ্যাকাউন্টে ঢোকেনি। এমনকি বিডিওর বন্ধ ঘরের দরজা লক্ষ্য করে ডিম ছুঁড়তে দেখা যায় এক মহিলাকে। জুলাই মাসের ১ তারিখ অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকলেও ওই ব্লকের বহু প্রাপকের অ্যাকাউন্টে টাকা পৌঁছয়নি বলেই অভিযোগ তাদের। কেন টাকা ঢোকেনি তা জানতেই বিডিও অফিসের দ্বারস্থ হন মহিলারা।

এমনকি বিডিওতে গিয়ে তারা হুঁশিয়ারি দিয়ে আসেন, “১০ তারিখের মধ্যে টাকা না পেলে বিডিও অফিসে তালা ঝুলিয়ে দেব।” তাদের দাবি, ইচ্ছা করেই তাদের নাম নাকি অন্নপূর্ণা ভাণ্ডারের লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। এই সমস্ত অভিযোগ তুলেই বিডিও অফিসের দরজা লক্ষ্য করে একের পরের ডিম ছুঁড়তে থাকেন মহিলারা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হস্তক্ষেপ করে নাদনঘাট থানার পুলিশ।

আরও পড়ুন: বারুইপুর গণধর্ষণ-কাণ্ডে বড় সাফল্য পুলিশের, বসিরহাট থেকে ধরা পড়ল আরেক অভিযুক্ত

তবে শুধু পূর্বস্থলী নয়। এদিন উত্তরবঙ্গের ফাঁসিদেওয়া বিভিডিও অফিসেও একই দাবিতে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না ঢোকায় বিভিন্ন বিডিও অফিসে তারা স্লোগান দিতে থাকেন। এমনকি কয়েকজন মহিলা বিডিও অফিসে ঘেরাও করে ডিম ছোঁড়েন। সেখানে উপস্থিত বিএসএফ কর্মীরাই বিক্ষোভকারী মহিলাদের উপর লাঠিচার্জ করেন, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এমনকি জানা যায়, ওই ঘটনার দু’জন মহিলা আহত হয়েছেন।