বিক্রম ব্যানার্জী, কলকাতা: তেল পাওয়া গিয়েছিল আগেই (Ashoknagar Oilfield)। তবে পূর্বতন সরকারের আমলে নানান কারণে তার উত্তোলনের প্রক্রিয়া শুরু করা যায়নি। রাজ্যে পালাবদল হতেই অবশেষে উত্তর 24 পরগনার অশোকনগরের তেলক্ষেত্র থেকে বাণিজ্যিক উত্তোলন শুরু করতে চলেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ONGC। জানা যাচ্ছে, আগামী জুলাই মাস থেকেই রাজ্যের এই অংশ থেকে বাণিজ্যিকভাবে তেল উত্তোলন শুরু হয়ে যেতে পারে। শুধু তাই নয়, আগামী বছরের গোড়ার দিকে এই অংশে প্রাকৃতিক গ্যাসের বাণিজ্যিক উৎপাদন শুরু করার লক্ষ্য নিয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাটি।
দেশের জ্বালানি মানচিত্রে গুরুত্ব পাবে পশ্চিমবঙ্গ
প্রাপ্ত তথ্য অনুযায়ী, অশোকনগরে আজ পর্যন্ত মোট পাঁচটি কূপ খনন করা হয়েছে। যদিও সেগুলির মধ্যে মাত্র একটি কূপ থেকেই আগামী জুলাই মাসে শুরু হবে তেল উত্তোলনের কাজ। আর সেজন্য আগেভাগে যাবতীয় পরিকাঠামো তৈরি করে রাখতে চাইছে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। একই সাথে তেল উত্তোলন করে তা শোধনাগারে নিয়ে যেতে কোনও সমস্যা না হয় সেজন্য পরিবহন ব্যবস্থার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে।
সূত্রের খবর, অশোকনগরের মাটির নিচে যে তেল পাওয়া গিয়েছে তার গুণমান দেশের অন্যান্য বেশিরভাগ তেলক্ষেত্রের তুলনায় অনেক বেশি। জানা যাচ্ছে, ভারতের অন্যতম প্রধান তেলক্ষেত্র বোম্বে হাইয়ের তেলের মতোই মান রয়েছে অশোকনগরের মাটির নিচে পাওয়া তেলের। সরকারের প্রাথমিক হিসেব অনুযায়ী, উত্তর 24 পরগনার এই শহরে কমপক্ষে 240 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল মজুদ রয়েছে। যার বর্তমান বাজার মূল্য 45 হাজার কোটি টাকা। জানা যাচ্ছে, অশোকনগরের এই তেল থেকে কমপক্ষে সাড়ে চার হাজার কোটি টাকার রয়্যালটি এবং কর ভারত সরকারের কোষাগারে যাবে।
অবশ্যই পড়ুন: বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে আরেকটি ইতিহাস গড়লেন মেসি
প্রসঙ্গত, অশোকনগরের তেলক্ষেত্র থেকে তেল উত্তোলন করে তা পাঠানো হবে হলদিয়া শোধনাগারে। আসলে রাজ্যের এই শোধনাগারে অপরিশোধিত তেল পাঠানোর মধ্যে দিয়ে রাজ্যের নিজস্ব শিল্পকে ব্যবহার করতে চাইছে প্রশাসন। সব মিলিয়ে বলাই যায়, অশোকনগরের তেল প্রকল্প শুধুমাত্র রাজ্য নয় বরং গোটা দেশের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে বড় মাইলফলক হতে চলেছে। এর ফলে দেশের জ্বালানি মানচিত্রে বড় জায়গা পাবে বাংলা।










