জুলাইতেই অশোকনগরে শুরু হতে পারে তেল উত্তোলন, কোমর বাঁধল ONGC

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যে পালাবদল হতেই শোনা গিয়েছিল, খুব শীঘ্রই উত্তর 24 পরগনার অশোকনগরের তেলক্ষেত্র (Ashoknagar Oilfield) থেকে শুরু হবে তেল উত্তোলন। অবশেষে সেই সম্ভাবনাই বাস্তবের মাটিতে পা রাখতে চলেছে। সূত্রের খবর, সব ঠিক থাকলে চলতি মাস অর্থাৎ জুলাইতেই শুরু হবে অশোকনগরে তেল উত্তোলনের কাজ। সেই মর্মে ইতিমধ্যেই যাবতীয় পরিকাঠামো সংক্রান্ত কর্মকাণ্ড শুরু করে দিয়েছে ONGC। বিশেষজ্ঞরা মনে করছেন, অশোকনগরের মাটির নিচে থাকা বিপুল তেল একবার উত্তোলন শুরু হয়ে গেলে ভারতের মানচিত্রে বিশেষ গুরুত্ব পাবে পশ্চিমবঙ্গ।

তেল উত্তোলনের পরেই শুরু হবে প্রাকৃতিক গ্যাস উত্তোলনের কাজ

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এর আগে অশোকনগরে মোট সাতটি কূপ খনন করা হয়েছিল। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, বাইগাছির একটি কূপ থেকে তেল উত্তোলন শুরু হবে। যদিও পূর্বতন সরকারের আমলে একাধিক সমস্যার কারণে সেটা সম্ভব হয়নি। তবে রাজ্যে পালাবদল হতেই এবার অশোকনগরের বাইগাছি তেলক্ষেত্র থেকে তেল উত্তোলন শুরু হতে চলেছে।

ONGC সূত্রে খবর, অশোকনগরের বাইগাছির নির্দিষ্ট তেল ক্ষেত্রটিতে অন্তত 2450 মিটার গভীরে খনন করতে হবে। যার মধ্যে 2000 মিটারের খনন কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। বাকি অংশে খনন চালাচ্ছেন ইঞ্জিনিয়াররা। আশা করা হচ্ছে, সেই কাজ শেষ হয়ে গেলেই এ মাসের মধ্যেই শুরু হয়ে যাবে তেল উত্তোলনের কাজ। তার আগে তেল উত্তোলন করে নিয়ে গিয়ে হলদিয়ার শোধনাগারে পাঠানোর জন্য পর্যাপ্ত পরিকাঠামো তৈরি করে ফেলবে রাষ্ট্রীয় তেল সংস্থাটি। যা খবর, তেল উত্তোলনের কাজ শেষ হলে পরবর্তীতে প্রাকৃতিক গ্যাস উত্তোলনের কাজও শুরু করতে পারে রাষ্ট্রীয় তেল সংস্থা।

অবশ্যই পড়ুন: সাফল্যের পরেও চিন্তায় আর্জেন্টিনার কোচ, মিশর ম্যাচের আগেই বদলে যাবে মেসির দল

 প্রাথমিক পর্বে বাইগাছি তেলক্ষেত্র থেকে অপরিশোধিত তেল উত্তোলন হলেও পরবর্তীতে ধাপে ধাপে ভুরকুণ্ডা, দৌলতপুরের মতো অন্যান্য অংশগুলি থেকেও শুরু হবে তেল উত্তোলনের কাজ। আর সেটা হলে দেশের মানচিত্রে গুরুত্ব পাবে বাংলা। সবচেয়ে বড় কথা উত্তর 24 পরগনার অশোকনগরের তেলক্ষেত্রগুলি থেকে তেল উত্তোলন করে তা ট্যাঙ্কারে করে শোধনাগারে নিয়ে যাওয়ার জন্য অশোকনগরের যাবতীয় পরিকাঠামো যেমন রাস্তাঘাট থেকে শুরু করে পর্যাপ্ত আলো সহ নিরাপত্তার দিকে বিশেষ গুরুত্ব দেবে সরকার। তাতে করে জমজমাট হয়ে উঠবে এই এলাকা। যদিও এর জন্য ধাপে ধাপে বিপুল অর্থ ঢালছে ONGC।