বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে দেশে চালু হয়েছিল আয়ুষ্মান ভারত প্রকল্প (Ayushman Bharat Yojana)। তবে বিজেপি শাসিত অন্যান্য রাজ্যগুলির বাসিন্দারা এই প্রকল্পের সুবিধা পেলেও এতদিন এই বিশেষ সামাজিক প্রকল্পটিকে বাংলায় চালু করতে দেয়নি তৃণমূল সরকার। তবে এবার রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় আসতেই চালু হয়ে গেল আয়ুষ্মান ভারত যোজনা। সোমবার ক্যাবিনেটে প্রথম সাংবাদিক সম্মেলন করেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একেবারে স্পষ্ট করে জানিয়ে দিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিশ্রুতি মতোই আজ থেকে রাজ্যে চালু হয়ে গেল আয়ুষ্মান ভারত প্রকল্প। এখন প্রশ্ন, কীভাবে এই প্রকল্পের জন্য আবেদন করবেন?
বছরে 5 লাখ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা
2018 সালে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে, এই প্রকল্পের আওতাভুক্ত ব্যক্তিরা বছরে 5 লাখ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পান। মূলত দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারগুলিকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতেই এই প্রকল্প চালু করেছিল বিজেপি সরকার। সবচেয়ে বড় কথা, আয়ুষ্মান ভারত কার্ডের তালিকায় থাকা হাসপাতালগুলিতে রোগীর যাবতীয় পরীক্ষা থেকে শুরু করে অপারেশন এমনকি ওষুধের খরচও দেবে সরকার।
কেন্দ্রীয় সরকারের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনার আওতাভুক্ত হাসপাতালে ভর্তির তৃতীয় দিন থেকে পরবর্তী 15 দিন পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে ওষুধ এবং অন্যান্য পরীক্ষা করাতে পারবেন রোগী। একই সাথে এক বছরে সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ পাবেন বাংলার মানুষজন। না বললেই নয়, আয়ুষ্মান ভারত কার্ড থাকলে একজন ব্যক্তি দেশের যেকোনও প্রান্তে তালিকাভুক্ত হাসপাতালে ক্যাশলেস চিকিৎসা পাবেন।
আয়ুষ্মান ভারত প্রকল্পে কীভাবে আবেদন করবেন?
সম্প্রতি আয়ুষ্মান ভারত প্রকল্পের আবেদন প্রক্রিয়া সহজ হয়েছে। বাড়িতে বসে অনলাইনেই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন আপনি। এর জন্য প্রথমেই যেতে হবে আয়ুষ্মান ভারত প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট PMJAY তে। এরপর হোমপেজে থাকা অ্যাম আই এলিগাবেল অপশনটিতে ক্লিক করতে হবে। এবার নিজের মোবাইল নম্বর এবং ক্যাপচা ও ওটিপি দিয়ে লগইন করে নিন। পরবর্তী পেজ থেকে আপনার রাজ্য, জেলা এবং সার্চ অপশন সিলেক্ট করে প্রয়োজনীয় তথ্য পূরণ করুন।
পরবর্তী ধাপে ইকেওয়াইসি করতে হবে। আপনি এই প্রকল্পের জন্য যোগ্য হলে আপনার নাম তালিকায় থাকবে। সেখান থেকেই ডু ই কেওয়াইসি অপশনটিতে ক্লিক করুন। এরপর আধার ভেরিফিকেশনের জন্য আধারের সাথে যুক্ত ওটিপি অপশনে ক্লিক করে নিজের আধার নম্বরটি যাচাই করে নিন। সবশেষে ই কেওয়াইসি সম্পন্ন হয়ে গেলে 20 মিনিটের মধ্যেই পুনরায় লগইন করে আপনি আপনার ডিজিটাল আয়ুষ্মান ভারত কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন।
অবশ্যই পড়ুন: ভাঙবে সিভিক ভলান্টিয়ার মডেল! এবার সরাসরি পুলিশে নিয়োগ? বড় সিদ্ধান্তের পথে সরকার
কারা এই প্রকল্পের সুবিধা পাবেন?
কেন্দ্রীয় সরকারের তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছিল, আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করতে হলে ব্যক্তির নিজের নামে কোনও জমি থাকা চলবে না। অর্থাৎ ভূমিহীন এবং দিনমজুর পরিবারের ব্যক্তিরা এই কাজের জন্য আবেদন করতে পারবেন। একই সাথে যদি কেউ তপশিলি জাতি এবং উপজাতি ভুক্ত পরিবারের সদস্য হন তারাও এই প্রকল্পের যোগ্য। যাঁরা এক কামরার বাড়িতে বসবাস করেন তাঁরাও এই প্রকল্পে আবেদন করতে পারবেন। জানিয়ে রাখি, পরিবারে যদি 16 থেকে 59 বছরের উপার্জন সক্ষম পুরুষ সদস্য থাকে তাহলে এই প্রকল্পে আবেদন করা যাবে না। একই সাথে আয় করেন তবে বয়স 70 এর বেশি, এমন ব্যক্তিরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন।










