সৌভিক মুখার্জী, কলকাতা: বেঙ্গালুরুতে (Bengaluru) বসে পাকিস্তানের জঙ্গি সংগঠনের সাথে যোগ। গ্রেফতার উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়ার যুবক। গতকাল রাতেই আইএসআই জঙ্গি সংগঠনের সাথে যুক্ত তিন যুবককে কোচবিহারের দিনহাটা থেকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ বাহিনী। তার পরপরই বেঙ্গালুরু থেকে গ্রেফতার ওই সন্দেহভাজন জঙ্গি। অভিযোগ, জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের সঙ্গে তার যোগ রয়েছে। রাজ্য পুলিশের এসটিএফ এবং বেঙ্গালুরু পুলিশ যৌথভাবে তাকে গ্রেফতার করে।
বেঙ্গালুরু থেকে গ্রেফতার পাকিস্তানি জঙ্গি
ভারতে বসে চক্রান্তের ছক। কয়েকদিনের মধ্যেই একের পর এক জঙ্গি সন্দেহে গ্রেফতার হচ্ছে বাংলা সহ গোটা দেশে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর হামলার ছক কষার অভিযোগে বর্ধমান থেকে গ্রেফতার হয়েছিল জঙ্গি হামিম। তার পরপরই হাবড়া থেকে গ্রেফতার হয় আরও এক আইএসআই এজেন্ট। এদিকে গতকাল রাতে ৩ আইএসআই এজেন্টকে দিনহাটা থেকে পাকড়াও করে রাজ্য পুলিশের এসটিএফ। আর এবার বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক। এমনকি তার সঙ্গে বাংলা যোগ রয়েছে বলেও পুলিশের অনুমান। ধৃত ওই জঙ্গির নাম আশাফুল মালিক। বয়স ২৫।
বেশ কয়েকটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বাদুরিয়া থানার যশাইকাটির আটঘড়া গ্রাম পঞ্চায়েতের নোয়াপাড়ার বাসিন্দা আশাফুল। বেঙ্গালুরুতে এক সংস্থায় নিরাপত্তা রক্ষী হিসাবে কাজ যোগ দিয়েছিল সে। তবে সেখান থেকেই পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন টিটিপির সাথে যোগাযোগ হয় তার। এমনকি দক্ষিণ ভারতের এই রাজ্যে থেকেই অনলাইনে ওই জঙ্গি সংগঠনের একাধিক কার্যকলাপে সে যুক্ত ছিল বলে জানিয়েছে পুলিশ। পাশাপশি আফগান ভিসার জন্যও সে আবেদন করছিল। ইতিমধ্যেই তার বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে।
আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনার সাথে মিলবে আরও দুটি প্রকল্পের টাকা, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
তবে জানা যায়, পাসপোর্ট, ভিসা মিললেও অর্থাভাবে আফগানিস্তানে যেতে পারেনি সে। পাকিস্তানি সেনার উপর সে সহ তার সংগঠন ক্ষুব্ধ ছিল। এমনকি পাকিস্তান সেনা ইজরায়েলকে সমর্থন করছে, ফিলিস্তিনের মুসলিমদের নয়, এমনটাই দাবি ছিল তার। এদিকে তার ফোন থেকে একটি অডিও রেকর্ডিং পাওয়া গিয়েছে। সন্ত্রাসের দেশের হায়দার নামে এক ব্যক্তির সাথে কথা বলেছিল সে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।










