একদিনেই ৩.৪৪ কোটি! পাথরের রাজস্ব আদায়ে রেকর্ড গড়ল বীরভূম

Published:

Birbhum Stone Revenue

প্রীতি পোদ্দার, কলকাতা: পাথরের রাজস্ব আদায়ে বড় রেকর্ড গড়ল বীরভূম (Birbhum Stone Revenue)। পাথরের ডিসিআর (DCR) খাতে একদিনে ৩ কোটি ৪৪ লক্ষ টাকা রাজস্ব আদায় করল প্রশাসন। শুধু তাই নয়, অক্টোবরের প্রথম ১১ দিনেই আয় ৩২ কোটির বেশি রাজস্ব আদায় হয়েছে বলে জানা গিয়েছে। আর এই সাফল্যের কথা সমাজমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে নিজেই সকলের সঙ্গে ভাগ করে নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari On Birbhum Stone Revenue)। তাঁর দাবি, রাজস্ব ফাঁকি রোধ এবং সরকারি কোষাগারের আয় বৃদ্ধির ক্ষেত্রে এই পদক্ষেপ যথেষ্ট গুরুত্বপূর্ণ।

বড় সাফল্য বীরভূম জেলা প্রশাসকের

রাজনৈতিক পালাবদলের পর বীরভূমে বালি এবং পাথর খাদানগুলিতে পূর্বতন সরকারের নানা দুর্নীতির খবর প্রকাশ্যে উঠে এসেছিল। ইতিমধ্যেই সেখানকার পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের সম্পত্তির হদিস নিয়ে চলছে মামলা মোকদ্দমা। এমতাবস্থায় বীরভূমের পাথরের ডিসিআর (DCR) খাতে নয়া ঐতিহাসিক রেকর্ড গড়ল সেখানকার জেলা প্রশাসন। আজ, সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর ফেসবুক বীরভূমে পাথরের রাজস্ব আদায়ের একটি রিপোর্ট পোস্ট করেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন যে, “আজ বীরভূম জেলা প্রশাসনের একটি উল্লেখযোগ্য সাফল্য আপামর পশ্চিমবঙ্গবাসীর সঙ্গে ভাগ করে নিতে চাই। গতকাল, নবরাত্রির প্রথম দিনেই, পাথরের ডিসিআর থেকে সর্বমোট ৩ কোটি ৪৪ লক্ষ টাকা রাজস্ব আদায় হয়েছে, যা এক দিনে আদায়ের সর্বকালীন রেকর্ড।”

আশাবাদী শুভেন্দু অধিকারী

শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, “গত বছর আগের সরকারের আমলে পুরো অক্টোবর মাসে এই খাতে আদায় হয়েছিল মাত্র ৩ কোটি ২৮ লক্ষ টাকা। কিন্তু চলতি অক্টোবরের প্রথম ১১ দিনেই আদায় হয়েছে ৩২ কোটি ১৭ লক্ষ টাকা। পাথরের রাজস্ব থেকে মাসে ১০০ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা আমরা এবার ছাড়িয়ে যাব বলে আমি আশাবাদী। রাজস্ব ফাঁকি রোধ ও সরকারি কোষাগারের আয় বৃদ্ধিতে এই সাফল্যের জন্য বীরভূম জেলা প্রশাসন ও ভূমি দফতরকে আন্তরিক ধন্যবাদ। স্বচ্ছ প্রশাসন, রাজস্ব আদায়ে শৃঙ্খলা এই আমাদের অঙ্গীকার।”

আরও পড়ুন: ১০ লাখ টাকা ও BMW-র দাবিতে অত্যাচার? মেদিনীপুরে স্নেহার মৃত্যু ঘিরে চাঞ্চল্য, গ্রেফতার ২

বীরভূমের এই সাফল্যের খতিয়ান তুলে ধরেছেন ওই জেলার বিধায়ক তথা রাজ্যের উচ্চ শিক্ষা মন্ত্রীর জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি জানান, “মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীকে কথা দিয়েছিলাম, শুধু পাথরের রাজস্ব থেকেই মাসে ১০০ কোটি টাকা আদায় করে দেব। অক্টোবরে আমরা তা ছাড়িয়ে যাব। আর একবার ধন্যবাদ জেলা প্রশাসন এবং ভূমি দফতরকে একদিনে এ যাবৎকালের রেকর্ড রাজস্ব আদায় করার জন্য।” উল্লেখ্য এর আগে বিধানসভায় বীরভূমের পাথর রাজস্বের রিপোর্ট নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পূর্বতন সরকার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কে নানারকম কটাক্ষ করেছিলেন। এরই মাঝে বিজেপি সরকারের এই সাফল্য সেই কটাক্ষের আগুন আরও ভয়ংকর করে দিল বলে মনে করছেন সমালোচকরা।

google button