সহেলি মিত্র, কলকাতা: চালু হওয়ার মাসখানেক পরেই কালনা থেকে চুঁচুড়া বাসস্ট্যান্ড পর্যন্ত সরকারি বাস (Kalna Chinsurah Bus) পরিষেবা বন্ধ হয়ে গেল। দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ১০ জুলাই শুরু হয়েছিল এই বাস পরিষেবা। সরকারি বাস পরিষেবা শুরু হওয়ার পর দ্রুত জনপ্রিয়তা লাভ করেছিল এই রুট। কিন্তু গত এক মাস যাবৎ বাসের দেখা নেই।
ফের বন্ধ হয়ে গেল কালনা- চুঁচুড়া সরকারি বাস
বাস পরিষেবা হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে বলে খবর। কেন হঠাৎ করে বাস পরিষেবা বন্ধ হল, আবার কবে শুরু হবে বা আদৌ শুরু হবে কি না সে ব্যাপারে রয়েছে প্রশ্ন। চুঁচুড়া থেকে কালনা, এই রুটের মানুষের মূল ভরসা বলতে ট্রেন। কিন্তু যাঁরা ভিতরের দিকে থাকেন, তাদের কোনো না কোনোভাবে সড়ক পথের ওপরেই ভরসা করতে হয়। আর সড়কপথে যাতায়াত করা মানেই খরচ বেশি। সরাসরি কোনো বাস না থাকায় স্থানীয়দের ট্রেন, অটো কিংবা টোটোর ওপর ভরসা করতে হয়। বারবার যানবাহন বদলানোর ফলে খরচ অনেকটাই বেড়ে যায়।
বিপাকে সাধারণ মানুষ
কালনা, গুপ্তিপাড়া, বলাগড়, জিরাট, খামারগাছি, কুন্তিঘাট, ত্রিবেণী ও বাঁশবেড়িয়া-সহ বিস্তীর্ণ এলাকার মানুষ সরকারি বাস পরিষেবা শুরু হওয়ার ফলে উপকৃত হয়েছিলেন। SBSTC-র এই বাসে চুঁচুড়া থেকে কুন্তিঘাট যেতে খরচ হতো মোটামুটি ৫০ টাকা। ওই একই পথে অটো, টোটোর মাধ্যমে গেলে ৭০ টাকা। অর্থাৎ, ২০ টাকা বেশি খরচ হয়। উপরন্তু মহিলা যাত্রীরা সরকারি বাসে বিনামূল্যে যাত্রার সুবিধা পাচ্ছিলেন। বাস বন্ধ হয়ে যাওয়ার পর এখন সেই আগের পরিস্থিতি।
আরও পড়ুনঃ বিনা টিকিটে যাত্রী ধরেই আয় ৫২ কোটি, বিরাট সাফল্য পূর্ব রেলের
পড়ুয়া থেকে শুরু করে অফিস যাত্রী, সবাই চাইছেন আবার শুরু হোক এসবিএসটিসি-র এই বাস। স্থানীয় বিধায়ক অবশ্য খুব একটা আশার আলো দেখতে পারেননি। তাঁর বক্তব্য, এই বাস বন্ধ হওয়ার ব্যাপারে তিনি ওয়াকিবহাল নন। চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ বলেন, “বিষয়টি জানি না। যাত্রীদের অভিযোগ থাকলে আমাদের জানান। পরিবহণমন্ত্রীর কাছে বিষয়টি জানিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করব।”










